
কিশোরগঞ্জের কুলিয়ারচরে মদের বিষক্রিয়ায় নিহত ৫ জনের মধ্যে আওয়ামী লীগের ২ নেতাসহ ৩ জনের পাকস্থলীতে অ্যালকোহল পেয়েছে মেডিকেল বোর্ড।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের উপপরিচালক ডা. মো. হেলাল উদ্দিন।
পাকস্থলীতে অ্যালকোহল এর এর অস্তিত্ব পাওয়া ৩ জন হলেন- কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের দুই সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ (৫৭) ও জহির রায়হান জর্জ (৫৯) ও চা দোকানদার লিটন মিয়া (৪৮)। এ ঘটনায় নিহত অন্য দুই জন হলেন- হোমিওপ্যাথি চিকিৎসক গোবিন্দ বিশ্বাস (৪৫) ও গাড়ি চালক শাহজাহান মিয়া (৫২)।
কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. হেলাল উদ্দিন জানান, হাসপাতালের আরএমও ডাক্তার মাকসুদর রহমানকে প্রধান করে তিন সদস্যদের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। মেডিকেল বোর্ডের অন্য দুই সদস্য হলেন ডাক্তার সোহাগ ও ডাক্তার রোম্মন। মেডিকেল বোর্ডের ওই ৩ সদস্য ময়নাতদন্তের কাজে অংশ নেন। ময়নাতদন্তের সময় তাদের পাকস্থলীতে অ্যালকোহল এর অস্তিত্ব পাওয়া গেছে। তাই ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদ্যপান বা অ্যালকোহল জাতীয় তরল পদার্থ খেয়ে তাদের মৃত্যু হয়েছে। ভিসারা রিপোর্ট আসার পর এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।
উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাতে জেলার কুলিয়ারচর পৌরসভার বড়খাঁরচর এলাকার উপজেলা আওয়ামী লীগের দুই সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন গিয়াস ও জহির রায়হান জর্জ এবং কুলিয়ারচর পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর হাবিবুর রহমান হাবিবসহ ১২/১৩ জন নেশা জাতীয় কিছু খেয়ে বাড়িতে আসার পর থেকে তারা একে একে গুরুতর অসুস্থ হয়ে পড়তে থাকেন। তাদেরকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
এদের মধ্যে শাহজাহান মিয়া রোববার দুপুরের বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়, সোমবার ভোরে মারা যায় গিয়াস উদ্দিন গিয়াস আর জহির রায়হান জর্জকে ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয়। এছাড়া সোমবার সকালে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে হোমিওপ্যাথি চিকিৎসক গোবিন্দ বিশ্বাস ও দুপুর চা দোকানদার লিটন মিয়ার মৃত্যু হয়।
গুরুতর অসুস্থদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন কুলিয়ারচর পৌরসভার প্যানেল মেয়র হাবিবুর রহমান হাবিব। এছাড়াও বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও অন্তত ৭ জন।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তাফা জানান, মারা যাওয়া ব্যক্তিদের কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়ে ময়নাতদন্তের কাজ শেষ করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত এ ঘটনায় কেউ অভিযোগ নিয়ে মামলা করতে থানায় আসেননি।
