বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রবর্তন করছে সরকার

মৃত্যুর ৯ দিন আগে ১৯৭৫ সালের ৬ আগস্ট ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর ওই স্বপ্ন বাস্তবায়ন হয় ২০১১ সালে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে। ওই ফাউন্ডেশনের মাধ্যমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অসচ্ছল, আহত, অসমর্থ ক্রীড়াবিদ-সংগঠকদের নানাবিধ সমস্যায় অর্থ অনুদান দিয়ে আসছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর এই মেয়াদেই কল্যাণ ফাউন্ডেশনকে ৫০ কোটি টাকা অনুদান দিয়েছেন। আগে প্রধানমন্ত্রী দিয়েছিলেন ৩০ কোটি টাকা, সোমবার দিয়েছেন আরো ২০ কোটি টাকা। প্রধানমন্ত্রী গত মেয়াদে দিয়েছিলেন ১০ কোটি টাকা। শুরুতে বঙ্গবন্ধু এবং পরে অর্থ মন্ত্রণালয়ের দেওয়া টাকা মিলিয়ে ছিল ৭ কোটি টাকা। এই ৬৭ কোটি টাকার সুদ থেকেই বিভিন্নজনকে অনুদান দিয়ে থাকে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন।

এখন ফাউন্ডেশনের মাধ্যমেই এবার বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি চালু করতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। অসচ্ছল, আহত, অসমর্থ ক্রীড়াসেবী এবং তাদের পরিবারের জন্য মাসিক অনুদান, চিকিংসা সহায়তার জন্য ক্রীড়া শিক্ষা বৃত্তি চালু করছে সরকার।

বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তির একটি খসড়া নীতিমালাও তৈরি করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সেই খসড়া নীতিমালা নিয়ে আলোচনা এবং সংশোধন ও পরিমার্জনের জন্য সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের অংশীজনদের নিয়ে মত বিনিময় সভার আয়োজন করেছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সেখানে বিভিন্ন ক্রীড়া ফেডারেশন, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকগন উপস্থিত থেকে মতামত দিয়েছেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিয়ম সভায় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দীন আহমেদ, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহসহ অন্যান্য কর্মকর্তাগণ।

খসড়া নীতিমালার ওপর আরো কোনো মতামত থাকলে ৩১ জানুয়ারির মধ্যে তা প্রেরণের জন্য অনুরোধ করেছেন ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, ‘বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি যাত্রা শুরু করলে দেশের ক্রীড়াঙ্গনে নতুন অধ্যায় যোগ হবে। এর মাধ্যমে অভিভাবকরা তাদের সন্তানদের খেলাধুলায় অংশ নিতে পাঠাতে আগ্রহী হবেন। আমরা এটা গঠন করেছি জানার পরই অনেক অভিভাবকের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। কারণ, অনুদান আর বৃত্তি এক বিষয় নয়। বৃত্তি দেওয়া হবে সেরাদেরই। যা অন্যদের মধ্যে সেরা হওয়ার আগ্রহ বাড়াবে।’

বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি কিভাবে চলবে? এমন প্রশ্নের জবাবে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন থেকে কিছু অনুদান আসবে। এছাড়া আমরা অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে কিছু অনুদান এনে নিয়মিত বৃত্তি প্রদান করবো।’