
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যুক্তরাষ্ট্রেও যে মানবাধিকার লঙ্ঘন হয় এর প্রমাণ যুক্তরাষ্ট্রের বোস্টনে বাংলাদেশি শিক্ষার্থী সাঈদ ফয়সাল নিহত হওয়ার ঘটনা। এ হত্যাকাণ্ড চোখে আঙুল দিয়ে সেটি দেখিয়ে দিয়েছে।
মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীর কাকরাইলের তথ্যভবন মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
যুক্তরাষ্ট্র আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র। সেখানে যাতে মানবাধিকার রক্ষিত হয় এমন আশার কথা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, সাঈদ ফয়সাল নিহতের ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সরকার সাময়িক বরখাস্ত করেছে। সেখানে তদন্ত চলছে। আশা করছি, জড়িতদের বিচার হবে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের মুক্তির প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, এতে প্রমাণ হয়েছে দেশে আইন-আদালত স্বাধীন। তারা যাতে সুস্থ থেকে সরকারের বিরোধিতা করতে পারেন, আমি সেই দোয়া করি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলকাতা প্রেস ক্লাব সভাপতি স্নেহাশিস সুর, সম্পাদক কিংশুক প্রামাণিক এবং দৈনিক আমার আসামের প্রধান সম্পাদক মনোজ কুমার গোস্বামী।
এর আগে বাংলাদেশ সফররত ৩৪ ভারতীয় সাংবাদিকের সঙ্গে মতবিনিময় করেন তথ্যমন্ত্রী।
