হাসপাতালে দেবী শেঠী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চিকিৎসায় ঢাকায় এসেছেন ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠী।সোমবার বেলা পৌনে ১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তাকে বহনকারী ফ্লাইট।বিমানবন্দরে আগে থেকে অবস্থান করা একটি চিকিৎসক প্রতিনিধি দল তাকে নিয়ে বেলা দেড়টার দিকে কালো রংয়ের প্রাইভেট কারে করে বিএসএমএইউ-তে প্রবেশ করে।শেঠীকে স্বাগত জানাতে এসে বঙ্গবন্ধু মেডিকেলের প্রিভেনটিভ অ্যান্ড রিহ্যাবিলিটেশন কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. হারিসুল হক বলেন, আমরা তাকে সরাসরি হাসপাতালে নিয়ে যাচ্ছি। সব দেখে কার্ডিয়াক সার্জন হিসেবে তিনি তার মতামত জানাবেন।ভারতের নারায়ণ ইন্সটিটিউট অব কার্ডিয়াক সায়েন্সেসের প্রতিষ্ঠাতা ডা. দেবী শেঠীর ১৫ হাজারের বেশি অস্ত্রোপচার করার অভিজ্ঞতা রয়েছে। স্বল্প খরচে হৃদরোগের চিকিৎসা দেওয়ার উদ্যোগ নিয়ে আলোচিত এই চিকিৎসককে ২০১২ সালে পদ্মভূষণ খেতাবে ভূষিত করে ভারত সরকার।