
অসময়ে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির কারণে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে সবজি ও পেঁয়াজের দাম। সরবরাহ কমায় সপ্তাহের ব্যবধানে প্রায় সবধরনের সবজির দাম কেজিতে ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে।একইসঙ্গে বেড়েছে ব্রয়লার মুরগি ও ডিমের দাম।রাজধানীর কাঁচাবাজারগুলো ঘুরে দেখা যায়,বৃষ্টিতে সবজির সরবরাহ কমে যাওয়ায় বেশিরভাগ সবজির দাম কেজিতে ৫ থেকে ১৫ টাকা বেড়েছে। বাজার ও মান ভেদে প্রতিকেজি টমেটো বিক্রি হচ্ছে ৩০ টাকায় যা গত সপ্তাহে ছিল ২০ টাকা। বেগুন প্রতিকেজি ৫০ টাকা আগে ছিল ৩০ টাকা, ধনেপাতা প্রতিকেজি ৬০ টাকা আগে ছিল ৫০ টাকা, প্রতিকেজি শিম ৩০ টাকা আগে ছিল ২০ টাকা, ফুলকপি প্রতিপিস ৩০ টাকা আগে বিক্রি হয়েছে ১৫ টাকা, বাঁধাকপি ৩৫ টাকা আগে ছিল ২০ টাকা পিস। এছাড়া প্রতি কেজি করলা ৮০টাকা, ঝিঙ্গা ৮০ টাকা, চিচিঙ্গা ৭০টাকা, লাউ প্রতিপিস ৫০ টাকা, শালগম ৩০ টাকা কেজি এবং মুলা ২৫ টাকা, নতুন আলু ১৫ টাকা, কাঁচামরিচের ৮০ টাকায় বিক্রি হচ্ছে। সবধরনের শাক বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকা আঁটি।দেশি পেঁয়াজ ১০ থেকে ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়। যা গত সপ্তাহে বিক্রি হয়েছিল ২০ থেকে ২৫ টাকায়। আর আমদানি করা ভারতীয় পেঁয়াজের দাম ৫ টাকা বেড়ে ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে।প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ টাকা। যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ১৪৫ টাকায়। লেয়ার মুরগি প্রতিকেজি ২০০ টাকা যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ১৮০ টাকায়। কক মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকা থেকে ৩৫০ টাকা পিস। দেশি মুরগি প্রতিকেজি ৪৫০ থেকে ৫০০ টাকা। যা আগে বিক্রি হয়েছে ৩৫০ থেকে ৪০০ টাকায়। এছাড়া আগের দামেই বিক্রি হচ্ছে আদা ও রসুন। প্রতিকেজি দেশি ও আমদানিকৃত আদা ১০০ টাকা। আমদানিকৃত প্রতিকেজি রসুন ১০০ টাকা আর দেশি ৯০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।
