অস্ত্র জেনুইন নয়

চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ছিনতাইয়ের কবলে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্লেন ‘ময়ূরপঙ্খী’তে কোনো বিস্ফোরক ও আসল অস্ত্র ছিল না বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।আর সেই প্লেনটির ক্ষতি হওয়া অংশগুলো মেরামত করে আগামী ৮-১০ দিনের মধ্যে উড়াল উপযোগী করে তোলা হবে বলেও জানানো হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ইতোমধ্যে প্লেনটি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসা হয়েছে।প্লেনটি ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় নিরাপত্তা ও সার্বিক দিক নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।তদন্ত কমিটি এখনও প্রতিবেদন না দিলেও মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক বুধবার বলেন,টুকিটাকি কিছু খবর আছে।তবে কোনো অস্ত্র ছিল না, বিস্ফোরকও ছিল না। এ দু’টি বিষয় নিশ্চিত হওয়া গেছে।তিনি বলেন, প্লেনে কোনো ক্ষতিকর কিছু যাওয়ার সুযোগ নেই। পাইপগুলো ছিল প্লাস্টিকের। তার উপরে লাল টেপ জড়ানো হয়েছে। যে তার ছিল, দেখবেন কোনো লাগেজে হেডফোন এবং ফোন চার্জার প্রত্যেকের কাছেই থাকে। এগুলো কারো দৃষ্টি এড়িয়ে গেল কিনা- আমরা পরীক্ষা করে দেখছি।রিপোর্ট হয়ে যাওয়ার পরে সাংবাদিকদের আনুষ্ঠানিক জানানো হবে বলেও জানান বিমান সচিব।