
আজ থেকে শুরু হবে জমজমাট ঢাকা প্রিমিয়ার লিগের টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এবার এ টুর্নামেন্টে আশরাফুল খেলবেন ঐতিহ্যবাহী দল মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে। গত আসরে কলাবাগানের হয়ে খেলেছিলেন টাইগার দলের সাবেক অধিনায়ক আশরাফুল। সে জন্য নিজেকে প্রস্তুত করছেন বাংলাদেশ দলের হয়ে এক সময়ের মাঠ দাপিয়ে বেড়ানো এ তারকা।২০১৩ সালে বিপিএলে ফিক্সিয়ে জড়িয়ে আট বছর নিষিদ্ধ হন আশরাফুল। ২০১৬ সালে ঘরোয়া ক্রিকেটে ফিরলেও বন্ধ ছিল জাতীয় দল ও বিপিএলের মতো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টের দরজা। অবশেষে গত ১৩ আগস্ট সেই দরজাও খুলেছে। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর গতবার ঢাকা প্রিমিয়ার লিগে কলাবাগানের হয়ে পাঁচটি সেঞ্চুরি করেছিলেন। তবে পাঁচ সেঞ্চুরি করলেও তার মধ্যে চারটিই ছিল ধীরগতির। তার দল রেলিগেশনে পড়ে যায়। স্বভাবতই আশরাফুলের ওপরও একটা দায় এসে পড়ে। ধীরগতির ব্যাটিংয়ের কারণে তিনি সমালোচিত হয়েছেন। তাই আশরাফুলের মনে সেই হতাশাটা রয়ে গেছে। তিনি বলেছেন, পরিস্থিতির চাহিদা মেটাতেই অনেক ম্যাচে ধীর ব্যাটিং করতে হয়েছে, এটা আসলে আমি মনে করি না মন্থর ব্যাটিং। যদি ম্যাচের অবস্থা বিবেচনা করে দেখেন, শুরুতে হয়তো কয়েকটা ম্যাচে ধীরগতিতে হয়েছে। যে ম্যাচগুলোতে আমি সেঞ্চুরি করেছিলাম, সেগুলো পরিস্থিতি অনুযায়ী ঠিকই ছিল। যদিও দল ভালো ফল পায়নি, তবে ব্যক্তিগত পারফরমেন্স ভালো হয়েছিল। সেটা এবারো করতে চাই। শুরু থেকে ভালো খেলার চেষ্টা করব।
