যুগান্তরের সাংবাদিক কারাগারে

দেশবাংলা ডেস্ক :

ঢাকার নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামালের অবৈধ সম্পদ অর্জন নিয়ে মিথ্যা প্রতিবেদন প্রকাশের অভিযোগের একটি মামলায় দৈনিক যুগান্তরের কেরানীগঞ্জ প্রতিনিধি আবু জাফরকে (৪০) কারাগারে পাঠিয়েছে আদালত।দুর্নীতির প্রতিবেদন প্রকাশ নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় দোহার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. পলাশ মিয়া মামলাটি করেন।মামলায় দৈনিক যুগান্তরের নবাবগঞ্জ থানা প্রতিনিধি আজহারুল হক,কেরানীগঞ্জ থানা প্রতিনিধি আবু জাফর,আশুলিয়া থানা প্রতিনিধি মো. মেহেদী হাসান মিঠু,ধামরাই থানা প্রতিনিধি শামীম খান এবং গোপালগঞ্জ জেলা প্রতিনিধি এসএম হুমায়ুন কবীরকে আসামি করা হয়।মামলার পর রাতেই আবু জাফর গ্রেপ্তার হন।দক্ষিণ কেরাণীগঞ্জ উপজেলার আঁগানগর এলাকার বাসিন্দা তিনি।বুধবার তাকে দোহার থানার উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান ঢাকার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে দোষ স্বীকারোক্তি করার জন্য আবেদন করেন। ওসি মামলার এজাহারের বরাতে বলেন,মঙ্গলবার সন্ধ্যায় নবাবগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. পলাশ মামলাটি দায়ের করেন। ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা এই মামলায় পাঁচ সাংবাদিককে আসামি করা হয়েছে। তাদের মধ্যে আবুজাফর একজন। মামলায় তাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনা হয়েছে।আবু জাফরকে গ্রেপ্তারের প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন কেরাণীগঞ্জ, দোহার ও নবাবগঞ্জের সাংবাদিকরা। তারা অবিলম্বে আবু জাফরের মুক্তি ও পুরো বিষয়টি সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।