
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিজেপি নেত্রীর বিতর্কিত মন্তব্যের জেরে ভারতে সমালোচনার ঝড়। ইতোমধ্যেই মহানবী (সা.)-কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিজেপি থেকে বহিষ্কার করা হয়েছে দলটির মুখপাত্র নূপুর শর্মাকে। তবে তাতে ক্ষোভের আগুন নেভেনি। ভারতের সংখ্যালঘুরা প্রতিবাদে নেমেছেন।
বিতর্কিত এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের বাহিরে কুয়েত, কাতার, ইরান, সৌদি আরব, ইন্দোনেশিয়ার মতো দেশগুলিতেও তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়কে কেন্দ্র করে ভারতীয় রাষ্ট্রদূতদেরও তলব করা হয়েছে বহির্বিশ্বে। এই পরিস্থিতিতে ভারতের বিভিন্ন মহল থেকে এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে।
এদিকে বিতর্কিত মন্তব্যের জন্য মুম্বাইয়ের পিরোনি থানায় বিজেপি নেত্রী নূপুর শর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। এবার তাঁকে জেরার জন্য সমন পাঠানো হবে বলে জানিয়েছেন মুম্বাই পুলিশের কমিশনার সঞ্জয় পাণ্ডে। ভারতের মুসলিম সংগঠন রাজা অ্যাকাডেমির সিইও ইরফান শেখের অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়েছে।
গত রবিবার নূপুরকে দল থেকে বহিষ্কার করার আগে বিজেপি জানায় ভারতের হাজার হাজার বছরের ইতিহাসে বহু ধর্ম প্রস্ফুটিত হয়েছে। ভারতীয় জনতা পার্টি সব ধর্মকে শ্রদ্ধা করে। যে কোনও ধর্মের নেতার অবমাননার তীব্র প্রতিবাদ করছে বিজেপি।
এখানেই শেষ নয় বিবৃতিতে আরো বলা হয়েছে যে মত অন্য ধর্ম বা সম্প্রদায়কে ছোট করে বিজেপি তার বিরুদ্ধে। বিজেপি এ ধরনের দর্শন বা মতের প্রচারক নয়। ভারতের সংবিধান সমস্ত নাগরিককে নিজের ধর্ম পালন এবং সমস্ত ধর্মকে শ্রদ্ধার অধিকার দিয়েছে।
দল থেকে বহিষ্কার হওয়ার পরেই তিনি টুইটারে লেখেন, ‘আমি একটি টিভি বিতর্কে অংশ নিয়েছিলাম, যেখানে রোজ ভগবান শিবকে অপমান করা হয়। রাগে আমি কিছু একটা বলেছিলাম। তাতে যদি কোনও ধর্মের মানুষের মনে আঘাত লাগে, আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি। আমি কাউকে আঘাত করতে চাইনি।
এদিকে গত সপ্তাহে টিভি চ্যানেলে নূপুরর ওই বক্তব্যের পর প্রতিবাদ ছড়িয়ে পড়ে ভারতের বিভিন্ন স্থানে। ভারতের বিভিন্ন প্রান্তে মুসলিমরা প্রতিবাদে নামে। এ ঘটনার পর আবারো টুইটারে মহানবী (সা.)-কে নিয়ে বাজে মন্তব্য করে পোস্ট দেন নবীন জিন্দল। তার পরেই আগুন জ্বলে কানপুরে। শুক্রবার সেখানে সংঘর্ষে আহত হন ৪০ জন। তাঁদের মধ্যে ২০ জন পুলিশ কর্মী। এখন পর্যন্ত এ ঘটনার জেরে গ্রেফতার হয়েছেন ৩৬ জন।
বিজেপি নেত্রী নূপুর শর্মার গ্রেফতার দাবি করছেন আসাদউদ্দিন ওয়েইসি। তিনি অভিযোগ করেন, নূপুর শর্মা নবীকে নিয়ে যে মন্তব্য করেছেন তাতে আরবের দেশগুলির কাছে মুখ ছোট হয়েছে ভারতের। মুখ লুকানোর জায়গা নেই।
তিনি দাবি করেন, বিজেপি নেত্রীকে এই মন্তব্যের জন্য অবিলম্বে গ্রেফতার করা উচিত। প্রসঙ্গত উল্লেখ্য, ইতোমধ্যেই আরবের একাধিক দেশ এ বিষয়টি নিয়ে পদক্ষেপ গ্রহণ করেছে।
প্রসঙ্গত উল্লেখ্য, ইতোমধ্যেই আরবের একাধিক দেশ এ বিষয়টি নিয়ে পদক্ষেপ গ্রহণ করেছে।
অন্যদিকে, নূপুর শর্মার মন্তব্য নিয়ে সরব হয়েছে ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলিও। দেশ ও বিদেশ উভয় ক্ষেত্রেই বিরোধিতার মুখে পড়েছে বিজেপি। মোদি সরকারের বিরুদ্ধে ‘ভেদাভেদের রাজনীতি’ করার অভিযোগ আগেই ছিল, এবার তা আরো প্রকট হতে শুরু করেছে বলে মত দেশ বিরোধী রাজনৈতিক দলগুলো।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী মোদি সরকারর সমালোচনা করে এই নিয়ে অভিযোগ করেছেন। কংগ্রেসের তরফ থেকে এই বিজেপি নেত্রীকে অপসারণের দাবি জানানো হয়েছে। বিষয়টি সামাল দিতে রীতিমতো হিমশিম খাওয়ার জোগাড় ভারতের বিদেশ মন্ত্রণালয়ের।
প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরম সোমবার বিজেপি নেতা নূপুর শর্মা এবং নবীন কুমার জিন্দালের মুহাম্মদ (সা.) সম্পর্কে সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের জন্য কেন্দ্রের সমালোচনা করেন। চিদাম্বরম টুইট করেন, এই যে ইসলামোফোবিয়ার কথা বলা হচ্ছে, এর মূল নূপুর শর্মা এবং নবীন কুমার নন। মনে রাখবেন, তারা রাজার প্রতি আনুগত্য দেখাতে গিয়েছিলেন। সেটা একটু বেশি ডোজের হয়ে গিয়েছে। আত্ম সমালোচনা বিজেপিকে ওই দু’জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য করেনি। ওই মন্তব্যের জেরে আন্তর্জাতিকভাবে ব্যাপক ভাবে চাপে পড়ে গিয়েছে আমাদের দেশ। সেটাই বিজেপিকে এই পদক্ষেপ নিতে বাধ্য করেছে।
এদিকে চাপের মুখে বিজেপি তাদের জাতীয় মুখপাত্র নূপুর শর্মাকে বরখাস্ত করেছে এবং তার দিল্লির মিডিয়া সেলের প্রধান নবীন কুমার জিন্দালকে বহিষ্কার করেছে। এই ঘটনায় ভারতের বাম দলগুলিও বলেছে, বিজেপি ওঁদের বরখাস্ত করতে বাধ্য হয়েছে।
দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া বলেছেন, বিজেপি দেশকে এমন পরিস্থিতির দিকে নিয়ে গেছে যে, ছোট দেশগুলিও এখন ভারতকে চ্যালেঞ্জ করছে। তিনি দাবি করেন, প্রত্যেক ভারতীয় এতে ব্যথিত।
তেলাঙ্গানার মন্ত্রী কেটি রামা রাও বলেছেন, যদি বিজেপি সত্যিই সব ধর্মকে সমানভাবে সম্মান করে, তাহলে তেলাঙ্গানায় বিজেপির প্রধানকেও কি বরখাস্ত করা উচিত নয়? তিনি তো প্রকাশ্যে বিবৃতি দিয়ে সমস্ত মসজিদ ভেঙে মন্দিরের কী কী নিদর্শন আছে তা খুঁজে দেখার পরামর্শ দিয়েছেন এবং উর্দু ভাষার ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে বলেছেন।
সব মিলিয়ে বেশ স্পষ্ট করেই বলা যায়, মহানবী (সা.)-কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ঘরে বাইরে রীতিমতো চাপের মুখে কেন্দ্রের বিজেপি সরকার।
