অনুমোদন পেল আরো তিন ব্যাংক

অনুমোদন পেল আরো তিন ব্যাংকঅনুমোদন পেল আরো তিন ব্যাংকদেশের ব্যাংকিং চ্যানেলের সাথে যোগ হলো আরো ৩টি ব্যাংক। ব্যাংক তিনটি হলো, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, পিপলস ব্যাংক ও সিটিজেন ব্যাংক। নতুন এ তিন ব্যাংক অনুমোদনের ফলে দেশে মোট ব্যাংকের সংখ্যা হলো ৬২টি।
আজ রবিবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় অনুষ্ঠিত এক বৈঠকে এ ব্যাংকের অনুমোদন দেয়া হয়।
বৈঠক সূত্রে জানা যায়, নতুন তিনটি বেসরকারি ব্যাংককে লেটার অব ইনটেন্ট (এলওআই) বা ব্যাংক স্থাপনের আগ্রহপত্র দেয়ার জন্য চুড়ান্তভাবে অনুমেদান দেয়া হয়েছে।
জানা যায়, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক চালুর উদ্যোগ নিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি জসীম উদ্দিন। তিনি বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান। সঙ্গে আছেন তার ভাই আওয়ামী লীগের সংসদ সদস্য মোর্শেদ আলম। সিটিজেন ব্যাংকের উদ্যোক্তাদের মধ্যে আছেন আইনমন্ত্রী আনিসুল হকের মা জাহানারা হক। পিপলস ব্যাংক লিমিটেড এর উদ্যোক্তা নিউইয়র্ক প্রবাসী সন্দীপের এম এ কাশেম।
এর আগে পুলিশ কল্যাণ ট্রাস্ট পরিচালিত ‘কমিউনিটি ব্যাংক বাংলাদেশ’ ব্যাংকের অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক।
বৈঠক সূত্রে আরো জানা যায়, গত ৮ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কোরাম সংকটের কারণে শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। ওই সভা থেকেই নতুন তিনটি ব্যাংককে এলওআই দেয়ার কথা ছিল। আজকের সভায় ৮ জানুয়ারি স্থগিত হওয়া পর্ষদ সভার আলোচ্যসূচিগুলোই অন্তর্ভুক্ত করা হয়েছে।
গত ১১ ডিসেম্বর অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সভায় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংককে এলওআই দেয়ার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়। তবে পরবর্তী পর্ষদ সভা থেকে এলওআই ইস্যু করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল। এছাড়া পর্ষদের ওই সভা থেকে পিপলস ব্যাংক এবং সিটিজেন ব্যাংককে অনুমোদন দেয়ার বিষয়েও ইতিবাচক মনোভাব প্রকাশ করেছিল বাংলাদেশ ব্যাংক পর্ষদ। ব্যাংক দুটির উদ্যোক্তাদের কিছু কাগজপত্র ঘাটতি থাকায় তা সরবরাহ করতে বলা হয়। এরই মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করা হয়েছে বলে ব্যাংক দুটির উদ্যোক্তারা নিশ্চিত করেছেন।
বৈঠকে নতুন ব্যাংক ছাড়াও রিজার্ভের অর্থ চুরির ঘটনায় দায়েরকৃত মামলার সর্বশেষ পরিস্থিতি বিশ্লেষণসহ বেশকিছু এজেন্ডা নিয়ে আলোচনা হয়েছে।
প্রসঙ্গত, বিধি মোতাবেক, ১০ লাখ টাকা আবেদন ফি দিয়ে নতুন ব্যাংকের জন্য পরিশোধিত মূলধন দেখাতে হয় ৪০০ কোটি টাকা। অর্থাৎ উদ্যোক্তাদের ৪০০ কোটি টাকা জোগান দিয়ে নতুন ব্যাংকের অনুমোদন নিয়ে ব্যবসা শুরু করতে হয়। ব্যাংক ব্যবসায় ইচ্ছুক কোনো প্রতিষ্ঠানকে প্রথমে লেটার অব ইনটেন্ট দেয় বাংলাদেশ ব্যাংক। এ অনুমোদনের পর প্রতিষ্ঠানটি নিজস্ব নামে লাইসেন্স পাওয়ার শর্ত পূরণ করতে শুরু করে। ৪০০ কোটি টাকার মূলধন সংগ্রহ করে প্রাতিষ্ঠানিকভাবে।
সব শর্ত পূরণ করার পর বাণিজ্যিক ব্যাংক হিসেবে চূড়ান্ত লাইসেন্স দেয় বাংলাদেশ ব্যাংক। তখন ব্যাংকিং কার্যক্রম শুরু করতে পারে অনুমোদন পাওয়া ব্যাংকটি। টানা দুই মেয়াদ ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার প্রথম মেয়াদে ৯টি নতুন ব্যাংকের অনুমোদন দেয়। বর্তমানে দেশে ব্যাংকের সংখ্যা ৫৯ টি। এর মধ্যে ৪৩টি বেসরকারি খাতের, ৯টি রাষ্ট্রায়ত্ত ও ৯টি বিদেশি মালিকানার ব্যাংক ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে।