রাজধানীতে ইয়াবা হোম ডেলিভারি করতেন হিরো অনিক

লকডাউনকে পুঁজি করে ইয়াবা হোম ডেলিভারি করে আসছিলেন অনিক হাসান ওরফে অনিক হাসান ওরফে হিরো অনিক। রাজধানীর হাতিরঝিল এলাকাসহ বিভিন্ন স্থানে হিরো অনিককে তার সহযোগীরা ইয়াবা হোম ডেলিভারি করতে সহায়তা করতেন।

সোমবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

এর আগে, সোমবার (৫ জুলাই) রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে টিকটক হৃদয় বাবুর অন্যতম সহযোগী ও মগবাজারের চিহ্নিত সন্ত্রাসী অনিক হাসান ওরফে হিরো অনিকসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাব-৩। অভিযানে তাদের কাছ থেকে বিদেশি অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়।

আটক বাকি আসামিরা হলেন- মো. শহিদুল ইসলাম ওরফে এ্যাম্পুল (৩৪), আবির আহমেদ রাকিব (২২), মো. সোহাগ হোসেন আরিফ (৩৬) ও হিরা (২২)।