আরেকটি ক্রিকেট স্টেডিয়াম পেল সিলেট

টি-২০ বিশ্বকাপ দিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করে ২০১৪ সালে। পাহাড়ের কোলে লাক্কাতুরায় সুবজ-শ্যামল এই স্টেডিয়ামটি নয়নাভিরাম, সবারই মন কাড়ে। প্রতিষ্ঠার পর এখানে আয়োজিত হয়েছে একটি টেস্ট, চারটি ওয়ানডে ও ৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ। এটির দক্ষিণ-পূর্ব পাশেই গড়ে তোলা হয়েছে আরেকটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। নতুন স্টেডিয়ামটির উদ্বোধনও হয়ে গেল আজ বিকেলে।

শনিবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সিলেটের নতুন এই স্টেডিয়ামের শুভ উদ্বোধন ঘোষণা করেন। তিন একর জমিতে ২৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গ্রাউন্ডস-২।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সিলেট জেলা স্টেডিয়ামকে ঢেলে সাজানোর লক্ষ্যে প্রায় ১৩ কোটি টাকার উন্নয়ন কাজ চলছে সিলেট স্টেডিয়ামে। খুব দ্রুতই প্রায় দুই কোটি টাক ব্যয়ে একটি টেনিস কমপ্লেক্স নির্মাণ করা হবে।

ঢাকার পরেই পর্যটন নগরী নয়নাভিরাম সিলেটকে আধুনিক ক্রীড়াঙ্গনের কেন্দ্র (হাব) হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।