
ওয়ালটন তৃতীয় জাতীয় মহিলা রাগবি প্রতিযোগিতা ২০১৯ এ চ্যাম্পিয়ন হয়েছে ঠাকুরগাঁও জেলা।রানার্স-আপ হয়েছে রংপুর জেলা।আজ মঙ্গলবার সকালে রাজধানীর সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে লড়াই হয় দুই দলের মধ্যে। নির্ধারিত সময়ে অবশ্য কেউ কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে রংপুরকে ২-১ পয়েন্টের ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নেয় ঠাকুরগাঁও জেলা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রুনা আক্তার

প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে ট্রফি দেওয়া হয়। পুরস্কৃত করা হয় সেরা খেলোয়াড়কে। এ ছাড়া চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের সকল খেলোয়াড়দের ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর (গেমস অ্যান্ড স্পোর্টস) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক মৌসুম আলী,যুগ্ম-সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, সদস্য দীন ইসলাম, সদস্য ও টুর্নামেন্ট কমিটির সদস্য পারভীন পুতুল ও সিরাজুল ইসলাম। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রাগবি ফেডারেশনের সভাপতি আবদুল্লাহ আল জহির স্বপন।
