
দেশবাংলা ডেস্ক
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে তিন হাজার ৮৬১ জনের।নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ৪০১ জন।আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৯০ হাজার ৩৬০ জন।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও তিন হাজার ৬২৪ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৭২ হাজার ৬১৫ জনে।করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯১টি পরীক্ষাগারে ১৩ হাজার ১৫৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২ হাজার ৯৪৩টি নমুনা।এ নিয়ে মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৪ লাখ ২০ হাজার ৪৯৯টি।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৮ দশমিক ৫৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৪৪ শতাংশ। আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৫৯ দশমিক ৪৫ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৩৩ শতাংশ।এ পর্যন্ত করোনায় মৃত ৩ হাজার ৮৬১ জনের মধ্যে পুরুষ তিন হাজার ৪৬ জন (৭৮ দশমিক ৮৯ শতাংশ) এবং নারী ৮১৫ জন (২১ দশমিক ১১শতাংশ)।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩৯ জনের মধ্যে বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্বে চারজন, চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব পাঁচজন, ষাটোর্ধ্ব ২৫ জন রয়েছেন।
বিভাগওয়ারি পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় মোট মৃতের ঢাকা বিভাগে ২৩ জন, চট্টগ্রামে ৫, রাজশাহীতে একজন, খুলনায় ৩, বরিশালে ২, সিলেটে ৪ এবং ময়মনসিংহ বিভাগের একজন রয়েছেন।
