পল্লবী থানায় বিস্ফোরণ, ৪ পুলিশ আহত

মোঃ সোয়েব

রাজধানীর মিরপুরের পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।এতে চার পুলিশ সদস্যসহ একজন সিভিলিয়ান আহত হয়েছেন।

বুধবার (২৯ জুলাই) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, পল্লবী থানার ওসি তদন্ত পুলিশ পরিদর্শক ইমরান (৪৮), এসআই সজীব (৩০), পিএসআই অঙ্কুশ (২৮), পিএসআই রুমির (২৮) আহত হয়েছেন। এছাড়া রিয়াজ (২৮) নামে একজন আহত হয়েছেন। বর্তমানে রুমি ও রিয়াজ জরুরি বিভাগে চিকিৎসাধীন। পিএসআই অঙ্কুশ চক্ষু হাসপাতালে আছেন। ওসি তদন্ত ইমরান ও এস আই সজীব প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন সংবাদমাধ্যমকে বলেন, পল্লবী থানা পুলিশ দুটি আগ্নেয়াস্ত্রসহ তিনজন সন্ত্রাসীকে আটক করে থানায় নিয়ে আসে।

সন্ত্রাসীদের কাছে ওজন মাপার মেশিনের মতো একটা যন্ত্র ছিল। ওই যন্ত্রটি ডিউটি অফিসারের কক্ষে রাখা হলে তা বিস্ফোরিত হয়।

তিনি জানান, আটক হওয়া সন্ত্রাসীরা ভাড়াটে খুনি। পুলিশের কাছে তথ্য ছিল তারা পল্লবীর স্থানীয় একজন রাজনৈতিক নেতাকে হত্যা করবে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের পর বিষয়গুলো পরিষ্কার হবে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া বলেন,আহতদের মধ্যে এসআই অংকুশকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চক্ষু হাসপাতালে স্থানান্তর করা হয়।এসআই শফিক ও ইন্সপেক্টর ইমদাদ প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।আর আহত এসআই রুমি ও সিভিলিয়ান রিয়াজ ঢামেকে চিকিৎসাধীন আছেন।

এদিকে যে রুমে বিস্ফোরণ ঘটেছে সেই রুমের দুইটি জানালার মধ্যে একটি ভেঙে নিচে রাস্তায় পড়েছে। অপরটি ওপরে ঝুলে আছে।ঘটনাস্থলে পুলিশ ছাড়াও র‍্যাব, ডিবি ও অ্যান্টি-টেররিজম ইউনিট রয়েছে।