২০২০-২১ অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৪ হাজার ৮০০ কোটি ডলার

অর্থনীতি ডেস্ক

চলতি অর্থবছরে (২০২০-২১) রফতানির লক্ষ্যমাত্রা ৪৮ বিলিয়ন বা ৪ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। যা গত অর্থবছরের (২০১৯-২০২০) লক্ষ্যমাত্রার চেয়ে ৬ বিলিয়ন ডলার কম।

বৃহস্পতিবার (১৬ জুলাই) জুম প্লাটফর্মের মাধ্যমে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ২০১৯-২০২০ অর্থবছরে ৫৪ বিলিয়ন ডলার রফতানির লক্ষ্যমাত্রার বিপরীতে রফতানি আয় হয়েছে ৪০ দশমিক ০৬ বিলিয়ন ডলার। তাই লক্ষ্যমাত্রা অর্জনের কথা বিবেচন করে চলতি অর্থবছরে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ৪৮ বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, এবার অতিরিক্ত লক্ষ্যমাত্রার ৬ বিলিয়নই আসবে পোশাকখাত থেকে। বাকি ২ বিলিয়ন অন্যান্যখাত থেকে। দেশীয় বাস্তবতা, বৈশ্বিক প্রেক্ষাপটে সঠিক নীতি অনুসরণ ও সময়ানুগ বাস্তবায়ন পদক্ষেপের মাধ্যমে আমরা ঘোষিত এ রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হবো। ইনশাআল্লাহ।

তিনি বলেন, এবার ২০১৯-২০২০ অর্থবছরের অর্জিত লক্ষ্যমাত্রা থেকে ১৯.৭৯ শতাংশ প্রবৃদ্ধি ধরে নতুন লক্ষ্যমাত্রা ধার্য করা হয়। এবার পণ্যখাতে ২১.৭৫ শতাংশ প্রবৃদ্ধি ধরে ৪১ বিলিয়ন ডলার রফতানি আয় ধার্য করা হয়। সেবা খাতের রফতানিতে প্রবৃদ্ধি ৯.৪৬ শতাংশ ধরে ৭ বিলিয়ন মার্কিন ডলার আয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া তৈরি পোশাকখাতের প্রবৃদ্ধি ধরা হয় ২২.৮৮ শতাংশ।এ সময় তিনি রফতানি খাতে ধারাবাহিক উন্নতির সুখবরও দেন।

সভায় সভাপতিত্ব করেন বাণিজ্য সচিব ড. জাফরউদ্দিন।এ সময় প্রধানমন্ত্রী বেসরকারিখাত ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, এফবিসিসিআইর প্রথম সহ সভাপতি সিদ্দিকুর রহমানসহ ব্যবসায়ী নেতারা সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।