আবারও র‍্যাব সদর দফতরে সাহেদ,দুপুরে সংবাদ সম্মেলন

দেশবাংলা ডেস্ক

রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মো. সাহেদকে আবারও কুর্মিটোলায় র‍্যাব সদর দফতরে নেয়া হয়েছে। বুধবার দুপুর ১টা ১৫ মিনিটে তাকে সেখানে নেয়া হয়। সেখানে তাকে গোয়েন্দা ইউনিটে রাখা হয়েছে।

র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং জানায়, সাহেদকে নিয়ে দুপুর ৩ টায় র‍্যাব সংবাদ সম্মেলন ডেকেছে। সেখানে গ্রেফতার, অভিযান ও সাহেদের প্রতারণা নিয়ে বিস্তারিত জানানো হবে। সংবাদ সম্মেলনে ব্রিফ করবেন র‍্যবের মহাপরিচালক।

এর আগে সাহেদকে নিয়ে রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি ফ্লাটে অভিযান চালানো হয়। র‌্যাব সাহেদকে নিয়ে দুপুর ১২টা ২৬ মিনিটে ওই ভবনের ভেতরে প্রবেশ করে। তখন তিনি বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরা ছিলেন। এর আগে ১২ টা ১৫ মিনিটে ওই ভবনে র‍্যাবের নির্বাহী মেজিস্ট্রেট সারোয়ার আলম প্রবেশ করেন। এরপর দুপুর ১২টা ৫০ মিনিটে তাকে নিয়ে ওই ভবন থেকে বের হয় র‌্যাব।

এদিকে ফ্ল্যাটটি থেকে কী উদ্ধার করা হয়েছে, তা এখনও জানায়নি র‍্যাব। তবে অভিযানের এক পর্যায়ে র‍্যাব সদস্যরা লোহার শাবল নিয়ে ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করেছিলেন। কিন্তু এটি দিয়ে তারা কী করেছেন, কিছুই জানানো হয়নি।

বুধবার সকাল ৯টা ৪৫ মিনিটে তাকে প্রথমে র‌্যাব সদর দফতরে নেয়া হয়। সেখানে তাকে প্রাথমিক জিজ্ঞাবাদ করা হয়।