চীনকে হুঁশিয়ারি দিল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

লাদাখ সীমান্তে চীন ও ভারতীয় সেনাদের মধ্যে সংঘাত এড়ানোর লক্ষ্যে সম্প্রতি দুদেশের মধ্যে যে সমঝোতা হয়েছে তা বাস্তবায়নে ব্যর্থতার ব্যাপারে বেইজিংকে হুঁশিয়ার করে দিয়েছে নয়াদিল্লি।

ভারত বলছে, সীমান্তে চলমান পরিস্থিতি অব্যাহত থাকলে তা দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে নেতিবাচক প্রভাব ফেলবে।

ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়া দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে ভারতের হুঁশিয়ারির বিষয়টি জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে ,প্রকৃত নিয়ন্ত্রণ রেখার চলমান পরিস্থিতি অনির্দিষ্টকালের জন্য এভাবে চলতে পারে না।আমরা আশা করি, চীন আন্তরিকভাবে এই সমঝোতা মেনে চলবে এবং সীমান্ত অঞ্চলে শান্তির পুনঃস্থাপন নিশ্চিত করবে।

সম্প্রতি সীমান্তে চীন-ভারত উত্তেজনা নিরসনে বৈঠক শেষ করেন দু‌ই দেশের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, দুই দেশের সেনারা প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সম্মুখ অবস্থান থেকে পরস্পর দূরত্বে অবস্থান করবে।