
আন্তর্জাতিক ডেস্ক
লাদাখের সীমান্তে চীনা সৈন্যদের সঙ্গে সংঘর্ষে ভারতীয় সামরিক বাহিনীর ২০ সদস্যের প্রাণহানি বৃথা যাবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তিনি বলেন, সোমবার লাদাখ অঞ্চলে চীনাদের সঙ্গে লড়াইয়ে আমাদের সৈন্যদের প্রাণহানি ভারতকে গর্বিত করবে।
সোমবার রাতে লাদাখ সীমান্তে চীনা ও ভারতীয় সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ ভারতীয় সেনা সদস্য নিহত হন। কোনও ধরনের গোলাবারুদের ব্যবহার না হলেও ব্যাট, বাঁশের লাঠি নিয়ে দুই পক্ষের সৈন্যরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় একে অপরকে লক্ষ্য করে পাথর নিক্ষেপও করে।
সংঘর্ষে চীনা সৈন্য হতাহত হয়েছে কিনা সে ব্যাপারে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও তথ্য জানায়নি বেইজিং। তবে ভারতীয় সরকারি সূত্রগুলো দাবি করেছে, লাদাখের ওই সংঘর্ষে চীনের অন্তত ৪০ সৈন্য হতাহত হয়েছে।
ভারতের অভিযোগ, লাদাখের একটি এলাকার সীমান্ত পরিবর্তনের চেষ্টা করেছিল চীন। এ সময় বাধা দিতে গেলে দুই দেশের সৈন্যদের মাঝে সংঘর্ষ শুরু হয়। তবে চীনা কর্মকর্তাদের ওপর ভারতীয় সৈন্যরা প্রথমে হামলা করেছে বলে পাল্টা অভিযোগ তুলেছে বেইজিং।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উভয় দেশের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা লাদাখে বৈঠকে বসেন। এই সংঘাতের ব্যাপারে প্রথমবারের মতো টেলিভিশনে দেয়া ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ভারত শান্তি চায়। কিন্তু উসকানি দেয়া হলে ভারত যেকোনও পরিস্থিতিতে উপযুক্ত জবাব দিতে সক্ষম।
তিনি বলেন, চীনাদের সঙ্গে লড়াই করে আমাদের সৈন্যরা মারা গেছেন। আমাদের দেশ এটার জন্য গর্বিত। মোদি বলেন, তিনি জাতিকে আশ্বস্ত করতে চান যে, সৈন্যদের প্রাণহানি বৃথা যাবে না। আমাদের কাছে দেশের ঐক্য এবং সার্বভৌমত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ভারতের পক্ষ থেকে বলা হয়েছে অতি উচ্চস্থানে তাপমাত্রা প্রায় শূণ্য ডিগ্রির কাছাকাছি হওয়ায় সৈন্যদের মৃত্যু হয়েছে। গত ৪৫ বছরের ইতিহাসে এটিই কাশ্মীর সীমান্তে দেশ দুটির মধ্যে বড় হতাহতের ঘটনা। এ ঘটনার পর এক আপরকে দোষারুপ করলেও উত্তেজনা প্রশমনে উভয় দেশের সৈন্যরা আলোচনা করেছেন।
সূত্র: বিবিসি




