
দেশবাংলা ডেস্ক
দৈনিক যুগান্তরের সিনিয়র ক্রাইম রিপোর্টার এবং ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন নান্নুর বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১২ জুন) ভোরে রাজধানীর বাড্ডার আফতাবনগরের ৩ নম্বর রোডের বি ব্লকের ৪৪/৪৬ নম্বর নিজ বাসায় হঠাৎ আগুন লাগে। দ্রুতই আগুন নির্বাপন হলেও দগ্ধ হন সাংবাদিক নান্নু। গুরুতর অবস্থায় তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন জানান, রোগীর অবস্থা খুবই ক্রিটিক্যাল। তার শরীরে প্রায় ৬০ শতাংশের মতো পুড়ে গেছে। আশংকাজনক হওয়ায় ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।
সকালে তার স্ত্রী শাহীনা আহমেদ জানান, রাত্রিকালীন অফিস শেষে বাসায় ফিরে খাওয়া দাওয়ার পর রাত ৩টার দিকে হঠাৎ করে শব্দ হয়। গ্যাসের গন্ধও পাওয়া যাচ্ছিল। গ্যাস লাইনের লিকেজ থেকে সম্ভবত অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তাতেই দগ্ধ হন তিনি।
