এপ্রিলে শুরু হবে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ মহিলা আন্তর্জাতিক গোল্ড কাপ

আগামী এপ্রিল মাসে ঢাকায় অনুষ্ঠিত হবে ছয় জাতির বঙ্গমাতা অনূর্ধ্ব ১৯ মহিলা আন্তর্জাতিক গোল্ড কাপ ২০১৯। সফলভাবে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট-২০১৮ আয়োজন করা কে-স্পোর্টসকে দেওয়া হয়েছে বঙ্গমাতা আন্তর্জাতিক নারী ফুটবল টুর্নামেন্টের স্বত্ত্ব।

আজ বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাকক্ষে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান কে-স্পোর্টস এর সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের সভাপতি কাজী মো. সালাহউদ্দিন, ফিফা কাউন্সিল মেম্বার, এএফসি ও বাফুফে নির্বাহী সদস্য মাহফুজা আক্তার কিরণ এবং বাফুফের সাধারণ সম্পাদক মো.আবু নাইম সোহাগ।

কে-স্পোর্টস এর পক্ষে উপস্থিত ছিলেন চীফ এক্সিকিউটিভ অফিসার ফাহাদ এমএ করিম, ডিরেক্টর আশফাক আহমেদ, এক্সিকিউটিভ ডিরেক্টর মুনতাসির ভুঁইয়া ও চীফ অপারেটিং অফিসার মাহবুবুর রশিদসহ অন্যান্যরা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কাজী মো. সালাহউদ্দিন বলেন, প্রথমবারের মতো বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল হবে। এটা একটা ইতিহাস। আমরা ইতিমধ্যে দশটি দেশকে আমন্ত্রণ জানিয়েছি । সেখান থেকে ৫ দলকে বাছাই করে এপ্রিলের শেষ দিকে হবে এই টুর্নামেন্ট। কে স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহাদ করিম বলেছেন, বাফুফে আমাদের একটা বড় দায়িত্ব দিয়েছে। এটা আমাদের জন্য বিশাল ব্যাপার। বাফুফেকে আমরা ধন্যবাদ জানাতে চাই। বঙ্গমাতা গোল্ডকাপে ৬টি দলের অংশ নেওয়ার কথা। টুর্নামেন্টের দুই ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এবং কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম।