শিক্ষার্থীদের বেতন মওকুফ ও অনলাইনে ক্লাস ভর্তি পরীক্ষা স্থগিত চায় ছাত্রদল

করোনাভাইরাসের কারণে সারা দেশে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বেতন মওকুফ এবং অনলাইন ভিত্তিক ক্লাস ও ভর্তি পরীক্ষা স্থগিতের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের সংগঠনের সভাপতি ফজলুর রহমান খোকন এই দাবি জানান।

সংবাদ সম্মেলনে ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র যুগ্ম-সম্পাদক আমিনুর রহমান আমিন, যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান শরীফ, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও ভারপ্রাপ্ত দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী উপস্থিত ছিলেন।

ছাত্রদল সভাপতি ফজলুর রহমান বলেন, প্রায় ‍দুই মাসের অধিক সময় ধরে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। এই সময়ে শিক্ষর্থীদের বেতন দেয়া তাদের অভিভাককদের জন্য অত্যন্ত কষ্টকর। বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের প্রতি সদয় হয়ে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের বেতন মওকুফ করে দিলে তা হবে মানবতার জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি এই মুহূর্তে অনলাইনভিত্তিক ক্লাস, ভর্তি পরীক্ষা ও ক্লাস পরীক্ষা স্থগিত করতে হবে। একই সঙ্গে আমরা করোনা মহামারীর বর্তমান পরিস্থতিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিজস্ব তহবিল থেকে নিজ নিজ শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানের দাবি জানাচ্ছি।

ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পক্ষে সংগ্রাম করে আসছে। লকডাউনের কারণে স্থবির হয়ে আছে অর্থনীতি। এই সময়ে শিক্ষার্থীদের বেতন দেয়া তাদের অভিভাবকদের জন্য অত্যন্ত কষ্টকর। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনলাইনে ভর্তি, ক্লাস, পরীক্ষা অব্যাহত আছে। আপনারা জানেন, অনেক জায়গায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নেই। মোবাইল নেটওয়ার্ক ঠিক মতো থাকে না। অনেক গ্রামের বাড়িতে চলে গেছে। এই অবস্থায় তাদের প্রাতিষ্ঠানিক পড়াশোনা চালানো অসম্ভব। আমরা মনে করি, এমতাবস্থায় অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা ব্যবসায়িক মনোভাবেরই বহিঃপ্রকাশ।

তিনি বলেন, অনেক শিক্ষার্থী টিউশনি করে শিক্ষা ব্যয় নির্বাহ করে সেটাও করোনা মহামারীর কারণে সম্ভভ হচ্ছে না। ইন্টারনেটের উচ্চ মূল্য, মূল্যবান ডিভাইস কেনাও অনেক শিক্ষার্থীর পক্ষে অসম্ভব। এরপর অনেক স্থানে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ না থাকার কারণে অনলাইনভিত্তিক পড়াশোনা কোনোভাবেই সম্ভব নয়।