
স্পোর্টস ডেস্ক
মাশরাফি বিন মর্তুজার দীর্ঘদিনের সাথী ব্রেসলেটে খোদাই করে লেখা ‘মাশরাফি’। নিলামে ৪২ লাখ টাকায় বিক্রি হলো মাশরাফির এ ব্রেসলেট।
রোববার (১৭ মে) রাত সাড়ে ৯টায় শুরু হয় ব্রেসলেটের নিলাম।শেষ পর্যন্ত মাশরাফির ব্রেসলেটটি বিক্রি হলো ৪২ লাখ টাকায়।সেই ব্র্রেসলেটটি কিনে নিয়েছেন বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি অ্যাসোসিয়েশন (বিএলএফসিএ )। তাদের পক্ষে নিলামে অংশ নেন সংস্থাটির চেয়ারম্যান মোমিনুল ইসলাম। দাম চূড়ান্ত হওয়ার পর মাশরাফি তাঁর হাত থেকে ব্রেসলেটটি খুলে ফেলেন।
মুমিনুল জানান, তাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে মাশরাফিকে ‘উপহার’ হিসেবে ফিরিয়ে দেওয়া হবে। সেটিও অনুষ্ঠানের মাধ্যমে।
মাশরাফি জবাব দেন, সে অনুষ্ঠান হওয়ার আগ পর্যন্ত তিনি হাত থেকে ব্রেসলেট খুলে রাখবেন। অনুষ্ঠানে পরিয়ে দেওয়ার আগ পর্যন্ত ওটা হাতে উঠবে না।
মুমিনুল বলেন, আপাতত ওটা আপনার (মাশরাফি) জিম্মায় রইল। করোনা যুদ্ধে বাংলাদেশের ক্রিকেটারদের নিলামে তোলা ক্রীড়াসরঞ্জামের মধ্যে মাশরাফির ব্রেসলেটেই সবচেয়ে বেশি দামে বিক্রি হলো।
