পাঁচ কাজকে অগ্রাধিকার দেবেন মেয়র তাপস

দেশবাংলা ডেস্ক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেনের সদ্য দায়িত্ব নেওয়া মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করবেন বলে জানিয়েছেন ।

শনিবার (১৬ মে) তিনি বলেন, মহামারি করোনা, মশা, ময়লা-আবর্জনা, যানজট ও দুর্নীতিকে প্রধান্য দেওয়া হবে। এই কাজগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে পূর্বঘোষিত ইশতেহার অনুযায়ী নাগরিকদের মৌলিক চাহিদাগুলো পূরণ করবেন বলেও জানান তিনি। এছাড়াও বিদায়ী মেয়র যেসব উন্নয়ন কাজ রেখে গেছেন, সেগুলোর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

শনিবার দায়িত্ব গ্রহণের পর অনলাইন সংবাদ সম্মেলনে মেয়র বলেন, আইন অনুযায়ী ২৮টি প্রধান কাজসহ সিটি করপোরেশনের বেশ কিছু দায়িত্ব রয়েছে। ইশতেহার অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে সেই দায়িত্বগুলো কীভাবে পূরণ করতে পারি, সেদিকে নজর দেবো। যদিও করোনা ভাইরাসের এই দুর্যোগে তা অনেকটাই কঠিন।

মেয়র আরও বলেন, নির্বাচনি ইশতেহারে পাঁচটি বিষয়কে প্রধান্য দিয়েছি। সেই বিষয়গুলোকে আবার কয়েকভাবে ভাগ করেছি।

এখন আমার অগ্রাধিকার কাজগুলো হবে- মহামারি করোনা মোকাবিলা, মশা নিধন, ময়লা আবর্জনা পরিষ্কার, যানজট দূর করা ও দুর্নীতি রোধ। মেয়র হওয়ার পর প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, তা বাস্তবায়ন করার জন্য সেদিকে নজর দেবো। গত বছরের মতো এবছরও যাতে মশার বিস্তার ভয়াবহ না হয়, সেদিক নজর রাখা হবে। আর নাগরিকদের সুবিধার্থে কোনও সিদ্ধান্ত গ্রহণ এবং সেটি বাস্তবায়নে কোনও বাধা মানা হবে না।