আন্তর্জাতিক ডেস্ক
সুন্দরবনের ভারত অংশে আরও আটটি রয়্যাল বেঙ্গল টাইগারের অস্তিত্ব চিহ্নিত হয়েছে। সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৬ এ। পশ্চিমবঙ্গ সরকারের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
বন বিভাগের বরাতে হিন্দুস্তান টাইমস জানাচ্ছে, গেল বছর করা বাঘশুমারিতে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ৮৮টি। এ বছর সেই সংখ্যাটা বেড়ে হলো ৯৬।বাঘের সংখ্যাবৃদ্ধিতে এটা রেকর্ড বলে দাবি করছে ভারতীয় গণমাধ্যমগুলো। এর আগে এক বছরে সাতটি বাঘ বেড়েছিল।
বুধবার প্রাদেশিক বনমন্ত্রী জানিয়েছেন, সুন্দরবনে ট্র্যাপ ক্যামেরার সাহায্যে বাঘের গণনা হয়। প্রতিটি বাঘের গায়ে থাকা ডোরাকাটা দাগ দেখে বাঘ শনাক্ত করা হয়। ফলে একই বাঘকে দুই বার গণনা করা হয় না।
বন বিভাগ জানিয়েছে, ভারত অংশে বাঘের সংখ্যা ২৩টি, বাঘিনি ৪৩, বাকিগুলো শাবক।
রাজীব বন্দ্যোপাধ্যায় জানান, মোট ১ হাজার ২০০ ক্যামেরায় ধরা পড়েছে বাঘের ছবিগুলো। যে পদ্ধতিতে গণনা করা হয়েছে, তাতে ভবিষ্যতে সুন্দরবনে বাঘের সংখ্যা আরও বাড়বে।
২০১৫ সালের জরিপ অনুযায়ী সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা ছিল ১০৬টি। ২০১৯ সালে ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে ১১৪টি বাঘের অস্তিত্ব চিহ্নিত হয় বনের বাংলাদেশ অংশে। সেই হিসেবে বাংলাদেশ-ভারত মিলিয়ে সুন্দর বনে বাঘের সংখ্যা দাঁড়াল ২১০টি।
সাধারণত বাঘ এক কিলোমিটারে বড় নদী পারাপার করে না। সুন্দরবনের রায়মঙ্গল নদী দুই দেশের সীমান্ত হিসাবে কাজ করে। ধারণা করা হয় এই বড় নদীটি পার করে না দুই অংশের বাঘেরা। তাই দুই অংশের বাঘের সংখ্যা মিলে যাওয়ার সম্ভাবনাও কম।
দেশবাংলাবিডি২৪/তা




