আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

দেশবাংলা ডেস্ক

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতি বছর ৩ মে সারাবিশ্বে দিবসটি পালিত হয়।এ বছরের স্লোগান নির্ধারণ করা হয়েছে-ভয় বা পক্ষপাতিত্ববিহীন সাংবাদিকতা।

১৯৯১ সালে ইউনেস্কোর ২৬ তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে’ অথবা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেয়া হয়।এরপর থেকে বিশ্বব্যাপী সাংবাদিকরা দিবসটি পালন করে আসছেন।

এদিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে গত বৃহস্পতিবার (২ মে) জাতীয় প্রেসক্লাব ‘গণমাধ্যম চিত্র : পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ।

দিবসটি উপলক্ষে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের সাংবাদিকরাও তাদের পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করবে।

এই দিবসটিতে সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ নেয়ার পাশাপাশি ত্যাগী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়।