ঝটপট মজাদার ইফতার রেসিপি

পবিত্র এ মাস জুড়ে মুসলমানগণ সারাদিন রোজা রাখেন । সারাদিন রোজা রাখার পর পরিবারের সবাইকে নিয়ে ইফতার করা যেমন আনন্দের ব্যাপার তেমনি এর ধর্মীয় গুরুত্বও অনেক।

মজাদার ঝটপট ইফতার রেসিপি

* চিড়ার চপঃ

উপকরণ :
চিড়া – ১কাপ
পিয়াজ কুচি – ১/২ কাপ
কাচা মরিচ কুচি – পছন্দ মতন
গোল মরিচ গুড়া – পছন্দ মতন
লবণ – স্বাদ মতন
চালের গুড়া – ১ টেবিল চামচ (মচমচে করার জন্য, যদি আপনি চান)
ডিম – ১ টা
ধনে পাতা কুচি – প্রয়োজনমত
তেল – চপ ভাজার জন্য পরিমাণমত

প্রস্তত প্রণালী : চিড়া ভাল করে ধুয়ে, পানিতে ৫ মিনিটের মতন ভিজিয়ে রাখতে হবে। ৫ মিনিট পর ভাল করে পানি ঝরিয়ে চিড়াগুলিকে একটি বাটিতে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে চিড়াতে যেন পানি না থাকে। এরপর এক এক করে সব উপকরণ মিশাতে হবে। এইবার এই মিশ্রণ দিয়ে ছোট ছোট বল বানিয়ে, চপ এর মতন সাইজ করে একটা প্লেটে রাখতে হবে। এখন ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে চপগুলি ভাজতে হবে। যখন চপ গুলি বাদামি রঙ হবে তখন প্লেটে তুলে রাখুন। তৈরি হয়ে গেল মজাদার চিড়ার চপ!

* স্পেশাল আলুর চপ

উপকরণ : আলু ৫০০ গ্রাম,
ডিম ১টি সিদ্ধ করে ভর্তা করতে হবে,
কাঁচামরিচ কুচি ১ চা চামচ,
ধনেপাতা কুচি ১ টেবিল চামচ,
পেয়াজ বেরেস্তা করা ২ টেবিল চামচ,
গরম মশলা গুঁড়ো ১ চা চামচ,
ডিম ১টি ফেটানো,
বিস্কুটের গুঁড়ো পরিমাণমতো,
তেল ভাজার জন্য পরিমাণমতো,
লবণ স্বাদ অনুযায়ী।

প্রস্তুত প্রণালীঃ প্রথমে আলু সিদ্ধ করে লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রাখতে হবে। একটি কড়াইয়ে তেল গরম করে একে একে তাতে আলু ভর্তা, ডিমের ভর্তা, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, গরম মশলা গুড়ো, স্বাদ অনুযায়ী লবণ এবং পেয়াজ বেরেস্তা দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে আবার মেখে নিতে হবে। হাল্কা হাতে চ্যাপটা আকারের চপগুলো প্রায় ১০-১২টি করে ফ্রিজে প্রায় ৫ মিনিট রেখে দিতে হবে। এরপর ডিমের গোলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মিশিয়ে গরম ডুবন্ত তেলে ভেজে টিস্যু পেপারে তুলে রাখতে হবে। ব্যাস তৈরি হয়ে গেলো মজাদার আলুর চপ। ব্যাস! আমরা শিখে ফেললাম সুন্দর একটি ঝটপট ইফতার রেসিপি ।

* ডিম চপ:

উপকরণঃ ডিম সিদ্ধ ৪ টি, আলু সিদ্ধ, আধা কেজি, পেঁয়াজ কুচি ২ টি, কাঁচা মরিচ কুচি স্বাদ মতো, গোল মরিচ গুঁড়া ১ চা চামচ, ধনিয়া পাতা ৩ টেবিল চামচ, লবন পরিমাণমতো, ব্রেড ক্রাম ও বিস্কিটের গুঁড়া ১ কাপ, ফেটানো ডিম ২ টি, তেল পরিমাণমতো।

প্রস্তুত প্রনালীঃ ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখুন। আলু ধুয়ে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন।সিদ্ধ আলুর সাথে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি , ধনে পাতা কুচি , গোল মরিচের গুঁড়া ও লবণ দিয়ে খুব ভাল করে মেখে নিন। এবার আলুর মিশ্রণের ভিতর আস্ত সিদ্ধ ডিম ভরে চপের আকৃতিতে গড়ে নিন।২ টি ডিম একটু লবন দিয়ে ফেটিয়ে নিন। চপগুলো ডিমের গোলায় চুবিয়ে ব্রেড ক্রামে জড়িয়ে কিছু সময়ের জন্য ফ্রিজে রেখে দিন। চাইলে ব্রেড ক্রামের সাথে চিজ কুচিও মিশিয়ে দিতে পারেন। এতে স্বাদ আরও বেড়ে যাবে।
এবার ফ্রিজ থেকে চপগুলো বের করে ডুবো তেলে ভেজে তুলুন। যাতে করে বাদামী রং আসে। হয়ে গেলে ইফতারির টেবিলে গরম গরম পরিবেশন করুন দারুন মজাদার ডিম চপ।

* চিকেন সালাদ

উপকরণঃ হাড় ছাড়া মুরগির মাংস ১ কাপ, ময়দা ২ টেবিল চামচ, অনিওন পাউডার ১ চা চামচ ( বাটা পেয়াজ দিয়েও করতে পারেন ), গারলিক পাউডার ১ চা চামচ, পাপরিকা পাউডার ১ চা চামচ / লাল মরিচ গুঁড়ো হাফ চা চামচ, গোল মরিচ গুঁড়ো ১ চা চামচ, অরিগানো হাফ চা চামচ ( সুপার শপে পাওয়া যাবে ), শুকনা মরিচ টালা গুঁড়ো অল্প, টমেটো কেচাপ ১ টেবিল চামচ, লবণ স্বাদমত, তেল ১ টেবিল চামচ।

সালাদের জন্য যা লাগবে: শসা টুকরা / কুচি , গাজর, টমেটো ,লেটুস কুচি এবং ভাঁজা মচমচে নুডুলস (যেকোন নুডুলস ডুব তেলে মচমচে করে ভেজে নিতে পারেন), লেবুর রস, অল্প অলিভ ওয়েল।

প্রস্তত প্রণালীঃ তেল ছাড়া মাংসের সব উপকরন মাংসের সাথে মিশিয়ে মেরিনেট করে রাখুন ১০ মিনিট। এক ঘণ্টা হলে আরো ভালো।প্রথমে প্যানে তেল দিয়ে তেল গরম হলে মেরিনেট করে রাখা মাংস দিয়ে মিডিয়াম আঁচে রান্না করুন। ভাজা ভাজা হলে নামিয়ে নিন।এখন সালাদের জন্য কেটে রাখা শসা, গাজর, টমেটো ,লেটুস কুচিতে অল্প লবণ, ভাজা মচমচে নুডুলস, লেবুর রস আর অল্প অলিভ ওয়েল দিয়ে মেখে নিন। (লবণটা খেয়াল রাখতে হবে কারন রান্না করা মাংসতেও লবণ দেয়া আছে)।প্লেটে পরিবেশনের সময় আগে মাখানো সালাদ সাজিয়ে নিন। এর উপর রান্না করা মাংস ছড়িয়ে দিন।

* হালিম

উপকরণঃ মুগ, মাসকলাই ডাল, মসুর ডাল আর পোলাও চাল মিলে আধা কেজির মত। এক কাপ পরিমান গম নিন। এসব কিছু গুঁড়ো করে নিন ব্লেন্ডারে বা পাটায়। সময় অনেক কম লাগবে।মুরগি একটা ১ থেকে দেড় কেজি ছোট পিস করে কাটা, পেঁয়াজ ৪ টি কুচি করে বেরেস্তা করা, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, হলুদ মরিচ গুঁড়ো মিলে ২ চা চামচ, গরম মশলা পাউডার ১ টেবিল চামচ, জিরা গুঁড়ো ২ চা চামচ, ধনিয়া গুঁড়ো ২ চা চামচ, ধনিয়া পাতা কুচি, আদা কুচি, তেল আধা কাপ, লবণ স্বাদমত।

প্রস্তত প্রণালীঃ প্রথমে মুরগির সাথে সব মশলা মিশিয়ে মেরিনেট করে রাখুন আধাঘন্টা।এবার বড় হাড়িতে তেল দিয়ে তাতে মাখানো মুরগির পিসগুলা দিয়ে নাড়াচাড়া করে অল্প পানি রান্না করুন ২০ মিনিট। তেল উপরে উঠে আসলেই বুঝবেন এটা হয়ে গেছে।
এবার এতে প্রথমে গুড়া করে রাখা সব রকম ডাল আর গম এর মিশ্রনটা দিয়ে নাড়াচাড়া করে ৫ কাপ গরম পানি দিয়ে দিন। ভালোভাবে পানি আর মশলার সাথে ডাল মিশিয়ে নিবেন।আগুনের আঁচ মিডিয়াম করে রান্না করুন ১ ঘন্টা। মাঝে মাঝে নেড়ে দিতে ভুলবেন না।ঘন হয়ে আসলে তেল উপরে উঠে আসবে। তখন বুঝবেন হালিম হয়ে গেছে। রান্না হয়ে গেলে নামিয়ে এর উপরে ধনিয়া পাতা কুচি আর কুচি করা আদা, কাঁচা মরিচ, বেরেস্তা দিয়ে পরিবেশন করুন।

* মজাদার গার্লিক ব্রেড

উপকরণঃ পাউরুটি , হটডগ রোল, নরম চিজ, মাখন, রসুন বাটা বা ব্লেন্ড করে নেয়া, কিংবা মিহি কুচি, চিলি বা টমেটো সস সামান্য (না দিলেও হবে), লবণ স্বাদমত।

প্রস্তত প্রণালীঃ পনির, রসুন, সস ও লবণ একসাথে মিশিয়ে মিশ্রন তৈরি করতে হবে প্রথমে।এরপর পাউরুটিকে আপনার পছন্দের মত গার্লিক ব্রেডের মত করে টুকরো করতে হবে।টুকরো ব্রেড রোলগুলোতে ভালভাবে মাখন মাখিয়ে নিতে হবে। মাখন লাগানো হলে চীজের মিশ্রন লাগাতে হবে।এরপর বেকিং ট্রের মধ্যে মিশ্রন লাগানো ব্রেড টুকরো গুলোকে সাজিয়ে ৩-৫ মিনিটের জন্য মাইক্রোওভেনে গরম করতে দিতে হবে। ইলেকট্রিক ওভেন হলে রুটি লাল ও মচমচে হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। শুরুতে ওভেন প্রি হিট করে নিতে হবে।

* ভেজিটেবল ব্রেড চপ

উপকরণঃ পাউরুটি ৮ পিস, বেকিং পাউডার ১ চা চামচ, বেসন ৩ টেবিল চামচ, মটরশুঁটি, গাজর কুচি, বাধা কপি কুচি, মটরশুটি, সিদ্ধ আলু ছোট টুকরা, ধনিয়া পাতা কুচি এক মুঠো পরিমান, আদা মিহি কুচি, পেঁয়াজ মিহি কুচি, কাঁচা মরিচ কুচি, গোল মরিচ গুঁড়া হাফ চা চামচ, গরম মশলা গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদমত।

প্রস্তত প্রণালীঃ প্রথমে পাউরুটির পিস গুলোকে পানিতে ভিজিয়ে নরম করে পানি ঝরিয়ে নিন। একদম ভর্তার মত হবে।এবার এর সাথে সব সবজি কুচি, আলু টুকরা ,পেঁয়াজ, আদা, কাঁচা মরিচ আর ধনিয়া পাতা কুচি , বেকিং পাউডার , গরম মশলা গুঁড়ো , গোল মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে নিন।চ্যাপ্টা চপের আকারে তৈরি করেুন।এবার এই মিশ্রণটি অল্প তেলে প্যানে দিয়ে কম আগুনে লাল হওয়া পর্যন্ত ভেজে নিন।

* খেজুরের শরবত

উপকরণ: নরম খেজুর আধা কাপ, ঘন দুধ ১ কাপ, চিনি পরিমাণমতো, কিশমিশ ১ চা চামচ, বাদাম কুচি ১ চা চামচ এবং পানি পরিমাণমতো।

প্রস্তত প্রণালী: প্রথমে খেজুর ভালো করে ধুয়ে নিন। এরপর খেজুরের বিচি ফেলে টুকরা করে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখুন। সব উপকরণ এক সঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।

দেশবাংলাবিডি২৪/তা/