চট্টগ্রামে চিকিৎসক, নার্স,স্বাস্থ্যকর্মীদের জন্য ৩ হোটেল বরাদ্দ

দেশবাংলা ডেস্ক

চট্টগ্রামে কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের থাকার জন্য তিনটি আবাসিক হোটেলের ব্যবস্থা করেছে স্বাস্থ্য বিভাগ।
সরকারিভাবে তাদের এই স্বাস্থ্যসম্মত আধুনিক পরিবেশে থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হবে।
চট্টগ্রামের স্টেশন রোড এলাকার তারকামানের এশিয়ান এস আর হোটেল, দি এলিনা হোটেল এবং প্যারামাউন্ট হোটেল শুক্রবার রিকুইজিশন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।
তিনি জানান, কোভিড-১৯ রোগীদের সেবা ও চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স এবং সকল পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের জন্য থাকা, খাওয়ার পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।বর্তমানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে দায়িত্বপালনকারী চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা পাশের আল ইমাম হোটেলে থাকছেন।
পরিবারের সদস্যদের থেকে পৃথক থাকতে তারা দায়িত্ব পালন শেষে হোটেলে গিয়ে অবস্থান করবেন। এতে তাদের পরিবারের সদস্যরা করোনা সংক্রমণের ঝুঁকি থেকে নিরাপদ থাকবেন।