ভারতে তাবলিগ জামাতের ২৫ হাজার সদস্য কোয়ারেন্টিনে

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের রাজধানী নয়া দিল্লির নিজামুদ্দিন মারকাজে গত মাসে তাবলিগ জামাতে অংশ নেওয়া ২৫ হাজার অংশগ্রহণকারীকে কোয়ারেন্টিনে পাঠিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ভারতে ক্রমবর্ধমান করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একইসঙ্গে হরিয়ানা রাজ্যের পাঁচটি গ্রাম সিল করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
মুসলিম ধর্মাবলম্বীদের তাবলিগ জামাতের একটি আয়োজন গত ১ মার্চ দিল্লির নিজামুদ্দিন মারকাজ মসজিদে শুরু হয়। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব ও কিরগিজস্তানের প্রতিনিধিসহ প্রায় দুই হাজার মানুষ ওই আয়োজনে অংশ নেয়। ১৫ মার্চ পর্যন্ত অনুষ্ঠান চলে। অনুষ্ঠান শেষেও অনেকে সেখানে অবস্থান চালিয়ে যেতে থাকে। ২৪ মার্চ ভারতজুড়ে লকডাউন শুরুর সময়েও সেখানে প্রায় দেড় হাজার মানুষের অবস্থান ছিল। ভারতে করোনাভাইরাস সংক্রমণের হট স্পট হয়ে উঠেছে নিজামুদ্দিনের ছয় তলা ভবনের ওই জমায়েত।
ভারত সরকার দাবি করেছে, ওই জমায়েতে অংশ নেওয়াদের মধ্য থেকে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত করা হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, আসাম, দিল্লি, হিমাচল, হরিয়ানা, জম্মু ও কাশ্মির, ঝাড়খন্ড, কর্নাটক, মহারাষ্ট্র, রাজস্থান, তামিল নাড়ু, তেলেঙ্গানা, উত্তরাখন্ড এবং উত্তর প্রদেশ থেকে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটিতে মোট আক্রান্তদের মধ্যে অন্তত ১ হাজার ৪৪৫ জনের সঙ্গে তাবলিগ জামাতের যোগসূত্র রয়েছে।