
ক্রীড়া প্রতিবেদক : আগামীকাল সোমবার থেকে পল্টনস্থ শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে শুরু হতে যাচ্ছে ওয়ালটন ৩৪তম জাতীয় সিনিয়র পুরুষ ও ৮ম জাতীয় মহিলা কুস্তি প্রতিযোগিতা। বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে বুধবার পর্যন্ত। প্রতিযোগিতার বিষয়ে আজ রোববার অলিম্পিক ভবনের ডাচ-বাংলা ব্যাংক অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান, যুগ্ম-সম্পাদক মেজবাহ উদ্দিন, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), এটিএন বাংলার উপদেষ্টা (চেয়ারম্যান) কর্নেল (অব:) মীর মোতাহার হাসানসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ। এবারের এই জাতীয় প্রতিযোগিতা ১০টি ওজন শ্রেণিতে অনুষ্ঠিত হবে। পুরুষদের ওজন শ্রেণিগুলো হল ৫৭ কেজি, ৬১ কেজি, ৬৫ কেজি, ৭০ কেজি, ৭৪ কেজি, ৭৯ কেজি, ৮৬ কেজি, ৯২ কেজি, ৯৭ কেজি ও ১২৫ কেজি। আর মহিলা বিভাগের ওজন শ্রেণিগুলো হল- ৫০ কেজি, ৫৩ কেজি, ৫৫ কেজি, ৫৭ কেজি, ৫৯ কেজি, ৬২ কেজি, ৬৫ কেজি, ৬৮ কেজি, ৭২ কেজি ও ৭৬ কেজি।
পুরুষ বিভাগে অংশ নিতে যাওয়া দলগুলো হল- বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ আনসার, বাংলাদেশ পুলিশ এবং বিভিন্ন বিভাগ ও জেলা ক্রীড়া সংস্থা। মহিলা বিভাগে অংশ নিতে যাওয়া দলগুলো হল- বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ আনসার, বাংলাদেশ পুলিশ এবং বিভিন্ন বিভাগ ও জেলা ক্রীড়া সংস্থা। রোববার পর্যন্ত প্রতিযোগিতায় অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা জেলা, কিশোরগঞ্জ জেলা, মুন্সিগঞ্জ জেলা, কুমিল্লা জেলা, রাঙামাটি জেলা, রাজশাহী জেলা, চাপাইনবাবগঞ্জ ও খুলনা জেলা। দল সংখ্যা আরো বাড়তে পারে।
প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল মেডেল ও ট্রফি পাবে। এ ছাড়া প্রতিযোগিতার সেরা দুইজন খেলোয়াড়কে (নারী ও পুরুষ) পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান থেকে আকর্ষণীয় হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।
