এরশাদের প্রতি জাপার শ্রদ্ধা

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ৯০তম জন্মদিন আজ।
করোনাভাইরাসের কারণে তার জন্মদিনের সব কর্মসূচি বাতিল করলেও পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে সাবেক রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো।
শুক্রবার (২০ মার্চ) সকালে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রয়াত এরশাদের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এ সময় তিনি এরশাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন।
পুস্পস্তবক অর্পণ শেষে জাপা চেয়ারম্যান নিজ কার্যালয়ে বেশ কিছুক্ষণ অবস্থান করেন। নেতা-কর্মীদের খোঁজ খবর নেন। করোনাভাইরাস নিয়ে নেতা-কর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন।
জাতীয় পার্টির চেয়ারম্যানের পরপরই ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির পক্ষে সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার নেতৃত্বে নেতা-কর্মীরা এরশাদের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেনের পক্ষে সংগঠনের সেক্রেটারি বেলাল হোসেন ও আজিজুল হুদা চৌধুরী সুমন ফুল দেন। শ্রমিক পার্টির পক্ষে ফুল দেন সংগঠনের সভাপতি আশরাফুজ্জামান খানসহ নেতা-কর্মীরা। ব্যক্তিগতভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় নেতা মাসুদুর রহমান চৌধুরী, মহিলা পার্টির মানোয়ারা তাহের মানু।
পরে জাতীয় যুবসংহতি কেন্দ্রীয় কমিটি, যুবসংহতি ঢাকা মহানগর দক্ষিণ, জাপা খিলগাঁও থানা, জাতীয় মৎসজীবী পার্টি, জাপা রমনা থানা, ওলামা পার্টিসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনগুলো এরশাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়।
জিএম কাদেরের সঙ্গে উপস্থিত ছিলেন কো চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, বেলাল হোসেন এবিএম লিয়াকত হোসেন চাকলাদার, আশরাফুজ্জামান খান, মাহবুবুর রহমান খসরু, সেন্টু, আজিজুল হুদা চৌধুরী সুমন, ছাত্রসমাজের যুগ্ম সম্পাদক নকীবুল হাসান নিলয়সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।