জাতীয় পাট দিবস উৎযাপনে বর্ণাঢ্য শোভাযাত্রা

শুক্রবার রাজধানীর অফিসার্স ক্লাবে পাট দিবস উৎযাপনে বর্ণাঢ্য শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।শোভাযাত্রাটি সচিবালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জিপিও মোড়, পল্টন ও কাকরাইল সড়ক দিয়ে ঢাকা অফিসার্স ক্লাবে গিয়ে শেষ হয়।
পাট হারিয়ে গেছে, এ ধারণা থেকে বাংলাদেশ বেরিয়ে এসেছে- বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।
তিনি বলেন,সবাই ভেবেছিল পাটের সুদিন শেষ। কিন্তু পাট হারিয়ে যায়নি, আবারো পাটের সুদিন ফিরেছে। যার বড় প্রমাণ বাংলাদেশে চলতি অর্থবছরে পাটখাতে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা অর্জন।
প্রতিবছর ৬ মার্চকে জাতীয় পাট দিবস ঘোষণা দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি।
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘গত পাট উৎপাদন মৌসুমে দেশে ৭৪ দশমিক ৪৬ লাখ বেল কাঁচা পাট উৎপাদন হয়। চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে পাট ও পাটজাত পণ্যে ৬১৬ দশমিক ২০ মিলিয়ন ডলারের রপ্তানি করা হয়েছে। এই আয় গত অর্থবছরের একই সময়ের চেয়ে ২০ দশমিক ৮২ শতাংশ বেশি।’


তিনি বলেন, ‘‘অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে পাটের রপ্তানি বাড়ানোর লক্ষ্য নিয়ে চতুর্থবারের মতো জাতীয় পাট দিবস উদযাপন হচ্ছে। পাশাপাশি ৬-১০মার্চ পাঁচ দিনব্যাপী বহুমুখী পাট মেলার আয়োজন করা হয়েছে। ‘সোনালী আঁশের সোনার দেশ, মুজিববর্ষে বাংলাদেশ ’এই প্রতিপাদ্য নিয়ে পালিত হচ্ছে এবারের জাতীয় পাট দিবস।”
তিনি আরো বলেন, ‘প্লাস্টিকের অতি ব্যবহারের ফলে পরিবেশের ক্ষতি বেড়েছে। পরিবেশ রক্ষায় পাটের তৈরি বহুমুখী পাটপণ্য উৎপাদন করছে বাংলাদেশ। আমরা ইতোমধ্যে ২৮২টি বহুমুখী পণ্য উৎপাদন করছি। যা অনেকেই জানেন না। তাদের কাছে অনুরোধ আপনারা পাট মেলায় যাবেন এবং পাট সম্পর্কে জানবেন। সেখানে গেলে কোনো না কোনো পণ্য আপনাদের পছন্দ হবেই। এ বিশ্বাস আমাদের আছে।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন,একটা সময় আমরা পাট দিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করতাম। কিন্তু আমরা সে অবস্থান ধরে রাখতে পারিনি। তবে আমরা আবারো ঘুরে দাঁড়িয়েছি। আমাদের পাটের সোনালী আঁশের স্বপ্ন শুরু হয়েছে। এটি আমরা নিশ্চিত করব। খুব বেশি দিন নেই, যেখানে বিশ্ব বাজারে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হবে।আমাদের অনেকের ধারণা ছিল পাট দিয়ে বস্তা-ছালা এসব হয়। কিন্তু এখন ধারণা পাল্টেছে। এখন পাট দিয়ে বিভিন্ন রকমের গিফট আইটেমও তৈরি হয়। আমাদের দেশে যখন বিদেশি কোনো কুটনীতিক আসেন, আমরা তাদেরকে পাটের তৈরি বিভিন্ন গিফট আইটেম দিই। সেগুলো তারা নিজ দেশে নিয়ে যান। এতে আমাদের পাটের প্রচার হয়, এটাও আমাদের একটা অর্জন।
এসময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান,পাট অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) সওদাগর মুস্তাফিজুর রহমান ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়াসহ পাট মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থার কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে পাঁচ দিনব্যাপী বহুমুখী পাটপণ্যের মেলার উদ্বোধন ঘোষণা করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। এসময় তিনি মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন। এর আগে বস্ত্র ও পাট খাতে বিশেষ অবদানের জন্য ১১টি ক্যাটাগরিতে ১১ জনকে পুরস্কৃত করা হয়।