ই-গভর্ন্যান্সে সেরা ৫০ দেশের মধ্যে থাকতে চায় বাংলাদেশ : জয়

ডিজিটাল সেবার বিস্তৃতি ও উন্নতি ঘটিয়ে আগামী পাঁচ বছরে জাতিসংঘের ই-গভর্ন্যান্স উন্নয়ন সূচকে সেরা ৫০টি দেশের তালিকায় বাংলাদেশ থাকবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
রোববার (২০ অক্টোবর) সকালে রাজধানীর আইসিটি টাওয়ারে ই-গভর্নমেন্ট মাস্টারপ্ল্যান রিপোর্ট প্রকাশ ও এটুআইয়ের তিনটি নাগরিক সেবা উদ্বোধনকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আগামী পাঁচ বছরের মধ্যে জাতিসংঘের আইসিটি ইন্ডিকেটর ডিজিটাল গভর্ন্যান্স ইনডেক্সের সেরা ৫০ এর মধ্যে আমরা আসতে চাই। গত কয়েক বছরে আমরা (ডিজিটাল গভর্ন্যান্স ইনডেক্সে) ৪০-৫০ ধাপ এগিয়েছি। আগামী পাঁচ বছরে আমরা কেন আরও ৫০ ধাপ এগোব না?’আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার ১০ বছর পর ই-গভর্নমেন্ট মাস্টারপ্ল্যান প্রণয়ন করেছে আইসিটি বিভাগ।
ইনফো সরকার-৩ প্রকল্পের আওতায় সরকার সারাদেশে ইউনিয়ন পর্যায়ে ফাইবার অপটিকক্যাবল দিয়ে ব্রডব্যান্ড সেবা পৌঁছে দিচ্ছে। প্রায় সবগুলো শহরেই রয়েছে ফোরজি সেবা। প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা বলেন, “দেশের ‘আইটি সিস্টেম’ আধুনিক। সরকার ২০২১ সালের মধ্যে ৩০০টি পৌরসভায় ডিজিটাল সেবা পৌঁছে দিতে চায়। ডিজিটাল মিউনিসিপ্যালিটি সার্ভিসে আমরা আরও অনেক সেবা যোগ করতে চাই। ২০২১ সালের মধ্যে নাগরিক সেবাগুলো মোবাইল ফোনে আঙুলের ছোঁয়ায় অথবা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে আমরা নাগরিক সেবা পৌঁছে দিতে চাই।”অনুষ্ঠানে আইসিটির ‘লার্নিং অ্যান্ড আর্নিং’ প্রকল্পের আওতায় ১০০ দৃষ্টিপ্রতিবন্ধীকে ল্যাপটপ দেয়া হয়।