প্রায় পুরুষই নারীভোগী জিজ্ঞাসাবাদে পাপিয়া

অপরাধ সাম্রাজ্যের রাণী নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ওরফে পিউকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাপিয়ার অপকর্মের সঙ্গীদের ধরতে এরই মধ্যে একাধিক অভিযান চালানো হয়েছে। অভিযান চলছে।
এই মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) কায়কোবাদ কাজী বলেন, জিজ্ঞাসাবাদে পাপিয়া জানিয়েছেন, যুব মহিলা লীগের কেন্দ্রীয় সভাপতি নাজমা আকতার ও সাধারণ সম্পাদক অপু উকিলের সাথে তার সম্পর্ক ভালো। এছাড়া আওয়ামী লীগের কিছু শীর্ষ নেতার সাথেও তার সম্পর্ক ছিল।
তিনি বলেন, পাপিয়া অত্যন্ত চতুর। তার কাছ থেকে কথা বের করা খুবই জটিল। অনেক কিছুই এড়িয়ে যেতে চায়। কিছু কিছু কথার আবার মিল পাওয়া যায় না।
তিন মামলায় ১৫ দিনের রিমান্ডে থাকা পাপিয়া দম্পতিকে পৃথকভাবে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। সর্বশেষ ১২ জন রাশিয়ান তরুণীকে পাপিয়া কেন ওয়েস্টিন হোটেলে এনেছিলেন এবং তারা কীভাবে ফিরে গেছে সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে পাপিয়া ঘুরিয়ে ফিরিয়ে অনেক তথ্য এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। এজন্য তার মোবাইল ফোনের কল রেকর্ড যাচাই বাছাই করা হচ্ছে। পুলিশের রিমান্ড শেষে র‌্যাবও তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল গতকাল সাভারে বলেছেন, নানা অপকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেতা শামিমা নূর পাপিয়ার সহযোগীদেরও আইনের আওতায় আনা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেয়া হবে না। এই সরকারের সময় অপরাধ করে কেউ পার পাবে না। জুয়া, সন্ত্রাস, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে চলমান অভিযান চলবে।
মামলার তদন্ত তদারকি কর্মকর্তা ডিবির ডিসি (উত্তর) মশিউর রহমান গতকাল বিকালে জানিয়েছেন, পাপিয়া ও স্বামীকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য যাচাইবাছাই করা হচ্ছে।
পুলিশের একাধিক সূত্র মতে, পাপিয়ার সঙ্গে কাদের যোগাযোগ ছিল তার কিছু রেকর্ড পাওয়া গেছে। তাদের আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পদ অর্জনের ব্যাপারেও কিছু তথ্য পাওয়া গেছে। তারা কেন ঘন ঘন বিদেশে যেতেন, সেখানে কাদের সঙ্গে যোগাযোগ ছিল, ওয়েস্টিনের প্রেসিডেন্সিয়াল স্যুট কেন ভাড়া রাখা হতো- এসব প্রশ্নের জবাব চাওয়া হচ্ছে তার কাছে। এছাড়া হোটেল স্যুটে এবং বাসায় পাপিয়ার কাছে কাদের যাতায়াত ছিল সে ব্যাপারে তদন্ত সংশ্লিষ্টরা বেশকিছু তথ্য পেয়েছেন। বিশেষ করে অনৈতিক কাজের মাধ্যমে তিনি কাদের কাছ থেকে কী ধরনের সুবিধা নিয়েছেন সে ব্যাপারে ডিবি কর্মকর্তারা প্রশ্ন করছেন পাপিয়া ও তার স্বামী সুমনকে। প্রাপ্ত তথ্য যাচাইবাছাই করা হচ্ছে। এ পর্যন্ত অনেক রাঘব বোয়ালের ব্যাপারে তথ্য পাওয়া গেছে। পাপিয়ার নিয়মিত সচিবালয়ে যাতায়াত ছিল বলেও ক্লু পেয়েছে পুলিশ।
সূত্র আরো জানায়, ১২ রাশিয়ান তরুণী ছাড়াও ইতোপূর্বে থাইল্যান্ডের একাধিক তরুণী পাপিয়ার রেফারেন্সে ওই হোটেলে উঠেছিলেন। হোটেলের রেকর্ড এবং স্টাফদের কাছ থেকে প্রাপ্ত এমন কিছু তথ্য খতিয়ে দেখছেন তদন্ত কর্মকর্তারা। পাপিয়ার কাছে পাওয়া অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তিনি প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, নীরব থাকছেন। জিজ্ঞাসাবাদের মুখে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিলের সান্নিধ্য কীভাবে পেলেন এবং স্থানীয় সংসদ সদস্যদের বাধার পরও কীভাবে পদ বাগালেন সে ব্যাপারে পাপিয়ার স্বামী কিছু তথ্য দিয়েছেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, নরসিংদী জেলা যুব মহিলা লীগের সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নুর পাপিয়া (২৮), তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন (৩৮), সুমনের ব্যক্তিগত সহকারী সাব্বির খন্দকার (২৯) ও পাপিয়ার ব্যক্তিগত সহকারী শেখ তায়্যিবাকে (২২) গত ২২ ফেব্রুয়ারি ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে র‌্যাব। পাপিয়া দম্পতি ১৫ দিনের এবং অন্য দুজন পাঁচ দিনের রিমান্ডে ডিবি হেফাজতে রয়েছেন।এসব স্যুট ও ফ্ল্যাট থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ২০ রাউন্ড গুলি, ৫ বোতল বিদেশি মদ ও নগদ ৫৮ লাখ ৪১ হাজার টাকা, ৫টি পাসপোর্ট, ৩টি ব্যাংক চেক বই, কিছু বিদেশি মুদ্রা, বিভিন্ন ব্যাংকের ১০টি এটিএম কার্ড উদ্ধার করে র‌্যাব।