
পুলিশকে জনগণের পাশে থাকার পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণের বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী ইশরাক হোসেন।
বুধবার (২২ জানুয়ারি) দুপুরে পশ্চিম হাজারীবাগের ঝাউচর বাজার থেকে নির্বাচনী প্রচারণা শুরুর আগে দেওয়া এক সংক্ষিপ্ত বক্তব্যে পুলিশকে এ আহ্বান জানান ইশরাক হোসেন।
মেয়রপ্রার্থী বলেন, মঙ্গলবার (২১ জানুয়ারি) আমাদের উত্তরের মেয়রপ্রার্থীর (তাবিথ আউয়াল) প্রচারণায় ন্যাক্কারজনকভাবে হামলা চালানো হয়েছে। প্রায় ২৪ ঘণ্টা হতে চললো, কিন্তু আমরা এখন পর্যন্ত কাউকে গ্রেফতার হতে দেখলাম না। আমি পুলিশ প্রশাসনকে বিনীত অনুরোধ করবো, আপনাদের প্রতি যে গুরুদায়িত্ব আছে তা আপনারা পালন করুন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাদের ওপর যে সাংবিধানিক দায়িত্ব দেওয়া হয়েছে সেটা পালন করুন। আমি আপনাদের প্রতি বিনীত অনুরোধ করবো, আপনারা জনগণের পক্ষে কাজ করুন।
ঢাকাকে বসবাসের অযোগ্য করে ফেলা হয়েছে, এর পরিবর্তনে নিজের পক্ষে ভোট প্রত্যাশা করে ইশরাক বলেন, আজকে এ শহরটাকে ধ্বংস করে ফেলা হয়েছে। এই ধ্বংসাত্মক অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের একটা পরিবর্তন দরকার। আগামী ১ ফেব্রুয়ারি একটা সুবর্ণ সুযোগ এসেছে। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের অঙ্গীকার ছিল- জনগণ হবে ক্ষমতার মালিক, জনগণ হবে রাষ্ট্রের মালিক, এই অধিকারকে পুনরায় প্রতিষ্ঠিত করার একটা সুযোগ এসেছে আমাদের সামনে।
ক্ষমতাসীনদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে ইশরাক হোসেন আরও বলেন, আজকে যারা ক্ষমতাসীন তারা এই দেশটাকে দখল করে রেখেছে। অন্যদের কোনো কথা বলার অধিকার নাই, বাকস্বাধীনতা নাই, ভোটের অধিকার নাই। আমরা বলে দিতে চাই, এটা আর আমরা মানবো না। আজকে এখানে আসার আগে আমি শুনতে পেয়েছিলাম, এখানে নাকি একটা বাধা প্রদান করার চেষ্টা করা হয়েছিল। কোনো ষড়যন্ত্র আমরা মানবো না। কোনো বাঁধা আমরা মানবো না। ঢাকা শহরে কোনো সন্ত্রাসীদেরকে আমরা জায়গা দেবো না। এই দেশটা আমাদের সবার। আমরা কারও জমিদারি মানবো না।
