
পদ্মাসেতুর ২১ ও ২২ নম্বর পিলারে স্থায়ীভাবে ১৯তম স্প্যান ৪-সি বসানোর মাধ্যমে দৃশ্যমান হয়েছে সেতুর ২ হাজার ৮৫০ মিটার (২.৮৫ কিলোমিটার)।
ঢাকা ও আশপাশের অঞ্চল থেকে পদ্মা নদী পাড়ি দিয়ে দক্ষিণাঞ্চলে যাওয়ার এ স্বপ্ন বাস্তবে রূপ নেবে আর ২২টি স্প্যান বসিয়ে ৩.৩ কিলোমিটার দৃশ্যমান হলে। ১৮তম স্প্যান বসানোর মাত্র সাত দিনের মাথায় বসেছে এ স্প্যানটি।
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে স্প্যান বসানো শেষ হয়।
পদ্মাসেতুর সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন। সকাল সাড়ে ৯টায় ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘ্যের ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটিকে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে তিন হাজার ৬০০ টন ধারণক্ষমতার ‘তিয়ান ই’ ভাসমান ক্রেন বহন করে রওনা করে। সেতুর ২২ ও ২৩ নম্বর পিলারের কাছে পৌঁছায় সোয়া ১০টার দিকে।
প্রকৌশল সূত্রে জানা যায়, নোঙর করে পজিশনিং করে ইঞ্চি ইঞ্চি মেপে স্প্যানটিকে তোলা হয় পিলারের উচ্চতায়। রাখা হয় দুই পিলারের বেয়ারিং এর ওপর। স্প্যান বসানোর জন্য উপযোগী সময় থাকায় এবং সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে হওয়ায় প্রকৌশলীরা অল্প সময়ের মধ্যেই স্প্যান বসাতে সক্ষম হন।
খুঁটিনাটি বিষয়গুলো আগে থেকেই বিশেষজ্ঞ প্যানেল দ্বারা পর্যবেক্ষণ করা হয়। ওয়েট টেস্ট, ট্রায়াল লোড টেস্ট, বেজ প্লেট, পাইল পজিশন, মেজারমেন্টসহ আনুষাঙ্গিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়।
