
দেশের বিভিন্ন জেলা থেকে নির্বাচনী সহিংসতার খবর আসছে। এ পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে যেমন আওয়ামী লীগ, বিএনপি, জাপা কর্মী ছাড়াও সাধারণ জনগণ রয়েছে।
রাজশাহীর মোহনপুরে এক আওয়ামী লীগকর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার বেলা ১১টার দিকে মোহনপুর পাকড়িয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
নিহত ওই আওয়ামী লীগ কর্মীর নাম মিরাজুল ইসলাম।
মোহনপুর থানার ওসি আবুল হোসেন জানান, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে মিরাজুল নিহত হন। মিরাজুলের মাথায় বাঁশ দিয়ে আঘাত করা হয়েছে।
এদিকে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে ভোটকেন্দ্র দখল নেয়াকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের হামলায় মোদাচ্ছের আলী (৪০) নামে আরো এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন।
রোববার দুপুর দেড়টার দিকে তানোর উপজেলার মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
বগুড়ার কাহালু উপজেলার বাগইল সরকারি ভোটকেন্দ্রের বাইরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আজিজুল ইসলাম নামের (৩০) যুবলীগ নেতা নিহত হয়েছেন।
বগুড়া জেলা যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন জানান, নিহত আজিজুল ইসলাম পাইকড় ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছিলেন। তার বাবার নাম হায়দার আলী।
কাহালু থানার ভারপ্রাপ্ত(ওসি) শওকত হোসেন জানান, ভোট কেন্দ্রের বাইরে ভোটারদের স্লিপ দেয়াকে কেন্দ্র করে দুই দলের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে আজিজুল ইসলাম আহত হয়ে মারা যান। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
নাটোরের নলডাঙ্গায় ভোট দিতে যাওয়াকে কেন্দ্র করে বিএনপি সমর্থক ভাতিজা রতন আহমেদের ছুড়িকাঘাতে আওয়ামী লীগকর্মী চাচা হোসেন আলীর (৪০) মৃত্যু হয়েছে।
আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার সমাস খলসি দিয়ারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হোসেন আলী একই এলাকার অছিমুদ্দিনের ছেলে।
নাটোর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার জানান, উপজেলার সমাস খলসি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যায় বিএনপি সমর্থক রতন আহমেদ ও তার স্ত্রী। এসময় আওয়ামী লীগকর্মী চাচা হোসেন আলী তাদের বাধা দেয় এবং পরে বাড়িতে গিয়ে ভাতিজাকে চড় থাপ্পড় মারে। এতে ভাতিজা রতন ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা ধারালো ছোরা দিয়ে চাচা হোসেন আলীর পেটে আঘাত করে।
লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের পাগলার হাট ভোটকেন্দ্রে নির্বাচনী সহিংসতায় রোববার এক বিএনপিকর্মী নিহত হয়েছেন।
আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ওই বিএনপিকর্মীর নাম মোজাম্মেল হক (৫৫)।
সংঘর্ষের সময় মোজাম্মেল হক গুরুতর আহত হলে স্থানীয়রা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
চট্টগ্রামের পটিয়ার পশ্চিম মালিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে আবু সাদেক নামের এক তরুণ নিহত হয়েছেন। রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আবু সাদেক ওই এলাকার আবুল কাশেমের পুত্র এবং ছাত্রদলের কর্মী বলে স্থানীয়রা জানিয়েছেন।
চট্টগ্রাম জেলা পুলিশের পটিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জসিম উদ্দিন খান বলেন, দু’পক্ষের মধ্যে সংঘর্ষের সময় আবু সাদেক নিহত হন। সংঘর্ষের কারণে ওই কেন্দ্রে কিছু সময় ভোটগ্রহণ স্থগিত থাকার পর আবার শুরু হয়।
এদিকে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের বরইতলী এলাকায় পুলিশের গুলিতে আহমদ কবির নামে জাপার এক কর্মী নিহত হয়েছে। রোববার ভোর রাতে এ ঘটনা ঘটে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আফরুজুল হক টুটুল বলেন, রাতে কেন্দ্র দখলকে কেন্দ্র করে দু’দলের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সে সময় গোলাগুলিতে আহমদ কবির গুলিবিদ্ধ হয়ে মারা গেছে।
সিলেটের বালাগঞ্জে পুলিশের গুলিতে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সুহেল নিহত হয়েছেন। রোববার বিকেল পৌনে ৩টায় বালাগঞ্জের নলজুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই কেন্দ্র দখলকে কেন্দ্র করে পুলিশের সাথে ছাত্রদলের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ গুলি চালালে ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সুহেল গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ফাঁড়ির এসআই গৌতম চক্রবর্তী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সোয়া ৪টার দিকে লাশ হাসপাতালে নিয়ে আসা হয়। নিহত সুহেল নলজুর তালতলা গ্রামের ফজলুর রহমানের ছেলে।
বালাগঞ্জ থানার ওসি গাজী আতাউর রহমান বলেন, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় ইসরাইল মিয়া (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে।
রোববার বেলা ১১টায় সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের রাজঘর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
নিহত ইসরাইল মিয়া ওই গ্রামের সাঈদ মিয়ার ছেলে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আনোয়ার হোসেন খাঁন জানান, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে মহাজোট প্রার্থী উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ওই ভোটকেন্দ্রে গেলে দুর্বৃত্তরা তার ওপর হামলার চেষ্টা করে। এ সময় সৃষ্ট গোলযোগে কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।
নোয়াখালী-৩ আসনের বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে তুলাচারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আনসার সদস্য নূরনবী (৪২) নিহত হয়েছে।
বেগমগঞ্জ থানার ওসি ফিরোজ আলম মোল্লা বলেন, বিএনপি জামায়াত কর্মীদের অতর্কিত হামলায় গুলিবিদ্ধ হয়ে আনসার সদস্য নিহত হয়েছেন।
কক্সবাজারের পেকুয়া রাজাখালী ইউনিয়নে ভোটগ্রহণকে কেন্দ্র করে সংঘর্ষে বিএনপি নেতা কর্মীদের হামলায় এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছে।
পেকুয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি কপিল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
কপিল উদ্দিন জানান, সকালে পেকুয়ার রাজাখালী কেন্দ্রে বিএনপি নেতা কর্মীরা ছাত্রলীগ নেতা আবদুল্লাহকে (১৮) পিটিয়ে ও কুপিয়ে আহত করে।
কক্সবাজারের চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী মতিউল ইসলাম জানান, আহত ছাত্রলীগ কর্মীকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার মৃত্যু হয়।
কুমিল্লায় ভোটের মাঠে সহিংসতায় প্রাণ হারিয়েছেন বাচ্চু মিয়া (৪৮) ও মজিবুর রহমান (৩৫) নামে দুই বিএনপিকর্মী।
এদের মধ্যে কুমিল্লা-১০ আসনের নাঙ্গলকোটে দুর্বৃত্তরা পিটিয়ে হত্যা করেছে বাচ্চু মিয়াকে।
অপরদিকে কুমিল্লা-৭ আসনের চান্দিনায় কেন্দ্র দখলকে কেন্দ্র করে গুলিতে নিহত হন মজিবুর রহমান। এ ঘটনায় আরো দু’জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার এসএম জাকারিয়া।
রাঙ্গামাটির কাউখালী উপজেলার ঘাগড়ায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে বাছির উদ্দীন (৩৫) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। তিনি ঘাগড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মিনহাজুর রহমান সত্যতা নিশ্চিত করেছেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ মিয়া জানিয়েছেন, নিহত বাছির ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
লক্ষ্মীপুর-৩ আসনে শনিবার মধ্যরাতে গোলাগুলিতে যুবলীগ কর্মী নিহত হয়েছে। চন্দ্রগঞ্জ থানার দত্তপাড়া ইউনিয়নের বড়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় রাকিব হোসেন ও জহির নামের দুই ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ হন। তাদেরকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চন্দ্রগঞ্জ থানার ওসি আবুল আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
টাঙ্গাইলের গোপালপুরে হাজি আব্দল আজিজ (৬৫) নামের এক বিএনপি নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার নগদা শিমলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
আব্দুল আজিজ গোপালপুরের নগদা শিমলা ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।
হাজী আব্দুল আজিজ শনিবার রাত থেকেই নিখোঁজ ছিলেন।
গোপালপুর থানার ওসি হাসান আল মামুন পরিবর্তন ডটকমকে বলেন, পুলিশ খবর পেয়ে নগদা শিমলা এলাকায় ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে।
নরসিংদীর শিবপুরে মিলন মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত মিলন মিয়া ওই এলাকার হযরত আলী মিয়ার ছেলে।
রোববার দুপুর সাড়ে ১২টায় নরসিংদী-৩ নির্বাচনী এলাকার কোন্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সহিংসতার ঘটনা ঘটে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করেন।
নিহত মোদাচ্ছের আলী মোহাম্মদপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
তিনি পাঁচন্দর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
