
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ৯ মাস যুদ্ধ করে আজকের এই দিনে একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম। এই যুদ্ধের মূল চেতনা ছিল গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা। কিন্তু দুর্ভাগ্যের কথা আজ ৪৮ বছর পরে এই দেশ সম্পূর্ণভাবে গণতন্ত্রবিহীন হয়ে পড়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসে তিনি এ মন্তব্য করেন।
তিনি আর বলেন, বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে বন্দি ও নির্যাতিত হয়েছিলেন। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে তাকে আজকে কারাগারে আটক করে রাখা হয়েছে। তিনি দীর্ঘ ৯ বছর স্বৈরাচারবিরোধী আন্দোলনে গণতন্ত্রের জন্য লড়াই ও সংগ্রাম করেছিলেন। তিনি জনগণের ভোটে তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। দুইবার বিরোধী দলীয় নেত্রী ছিলেন। গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে আজ অন্যায় ও নির্মমভাবে তাকে কারাগারে আটকে রাখা হয়েছে।
