
আগামীকাল মঙ্গলবার থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতার ৭ম আসর ‘ইওনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ২০১৯’।
বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ও তথ্যসচিব আবদুল মালেক জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ টুর্নামেন্ট তার স্মৃতির উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে।
সোমবার সকালে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ব্যাডমিন্টন ফেডারেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
সংবাদ সম্মেলনে আবদুল মালেক বলেন,আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আমরা এই আন্তর্জাতিক টুর্নামেন্ট জাতির পিতার অমর স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করছি। এ সংবাদ সম্মেলন থেকে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানাই।
দেশের অন্যান্য ক্রীড়া অনুষ্ঠানের চেয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্টে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক দেশ অংশগ্রহণ করে থাকে এবং প্রতিবছর এ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে জানান তিনি।
আগামী ১০ ডিসেম্বর দুপুর ২ টায় শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামের উডেন ফ্লোরে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ও তথ্যসচিব আবদুল মালেক-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।১০-১৫ ডিসেম্বর টুর্নামেন্টের সিনিয়র ও ১৭-২২ ডিসেম্বর জুনিয়র গ্রুপের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অস্ট্রেলিয়া, আফ্রিকা, ইউরোপ ও উত্তর আমেরিকা- চার মহাদেশের ১৯টি দেশের ১১২ জন পুরুষ ও ৫৬ জন নারীসহ মোট ১৬৮ জন প্রতিযোগী এতে অংশগ্রহণ করবেন।
ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন ও ব্যাডমিন্টন এশিয়া’র সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতায় অস্ট্রেলিয়া, কানাডা, চীন, মিশর, ভারত, জাপান, মালদ্বীপ, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, আমেরিকা, উজবেকিস্তান, ইন্দোনেশিয়া, মরিশাস, আয়ারল্যান্ড, ভিয়েতনাম, ইরান, ওয়েলস ও বাংলাদেশসহ ১৯টি দেশের প্রতিযোগি অংশ নিচ্ছে।
