
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২০২১ সালে পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল করবে। ইতোমধ্যে এ সেতুটি আড়াই কিলোমিটার (২৫৫০ মিটার) দৃশ্যমান হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে আয়োজিত জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক চেষ্টা ও সাহসিকতার কারণেই পদ্মা সেতুর মত এতো বড় সেতু নির্মাণ করা সম্ভব হচ্ছে। সেতুটি চালু হলে নড়াইলসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চালে মানুষের রাজধানীর সঙ্গে যোগাযোগ সহজ হবে। বিশেষ করে নড়াইলের মানুষ মাত্র ২-৩ ঘণ্টার মধ্যে ঢাকায় পৌঁছাতে পারবে।
দুপুরে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলির সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
