প্রাণ,মিল্কভিটা,আড়ংসহ ১৪ কোম্পানির দুধ বিক্রি বন্ধের নির্দেশ

পাস্তুরিত সব কোম্পানির দুধেই ক্ষতিকারক সীসা এবং অ্যান্টিবায়োটিকের অস্তিত্ব পাওয়ায়, প্রাণ, মিল্কভিটা, আড়ংসহ ১৪ কোম্পানির বিরুদ্ধে কেন ব্যবস্থা নয়,জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এছাড়া আগামী পাঁচ সপ্তাহের জন্য এসব প্রতিষ্ঠানের পাস্তুরিত সব দুধের উৎপাদন ও বিক্রয় বন্ধের নির্দেশ দেওয়া হয়। রোববার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং বিচারপতি মো. ইকবাল কবিরের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেয়।
এর আগে, পাস্তুরিত দুধে ক্ষতিকর উপাদান থাকায় ১০টি কোম্পানির বিরুদ্ধে মামলা করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। গত বুধবার (২৪ জুলাই) সন্ধ্যায় সিটি করপোরেশনের নিরাপদ খাদ্য আদালতে মামলাটি দায়ের করা হয়। সংস্থাটির নিরাপদ খাদ্য পরিদর্শক কামরুল হাসান ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালতে এই মামলা দায়ের করেন।
তিনি জানান, দুধে মানবদেহের জন্য ক্ষতিকর ভারি ধাতবের উপস্থিতি পাওয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মামলা করার ক্ষমতা প্রদান করেছে। তাই আমি মামলাটি দায়ের করেছি। ১০টি কোম্পানির বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। আগামী মাসের বিভিন্ন দিনে মামলার শুনানির দিন ধার্য করেছেন বিচারক।
মামলা দায়ের করা ১০টি কোম্পানি হচ্ছে-বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্কভিটা), বারো আউলিয়া ডেইরি মিল্কের (ডেইরি ফ্রেশ), ইগলু, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ (ফার্ম ফ্রেশ মিল্ক), আফতাব মিল্ক, শিলাইদহ ডেইরি (আল্ট্রা মিল্ক), আড়ং ডেইরি, প্রাণ মিল্ক, ইছামতি ডেইরি লিমিটেড (পিওর), সেইফ মিল্ক।