মোবাইলের থ্রিজি-ফোরজি বন্ধের নির্দেশ

মোবাইল ইন্টারনেটের থ্রিজি ও ফোরজি সেবা বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বৃহস্পতিবার রাত ১০টার পর দেশের সব মোবাইল ফোন অপারেটরকে এ নির্দেশ দেয় বিটিআরসি।
নাম প্রকাশ না করার শর্তে বিটিআরসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা  জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোবাইল ইন্টারনেটের থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ করতে মোবাইল ফোন অপারেটরদের নির্দেশ দেয়া হয়েছে। তবে টু জি সেবা অব্যহত থাকবে।
বিটিআরসির এই নির্দেশনার ফলে ইন্টারনেটের গতি কমে গেছে। এর ফলে এখন আর মোবাইল ব্যবহার করে ভিডিও পাঠানো যাবে না।
ধীরগতির নেট (টুজি) ব্যবহার করতে চাইলে মোবাইল ফোনের সেটিং অপশনে গিয়ে (সেটিং>কানেকশন>মোবাইল নেটওয়ার্ক>২জি অনলি) টুজি করে দিলে ইন্টারনেট ব্যবহার করা যাবে।
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ইন্টারনেটের গতি কমিয়ে দেয়ার বিষয়টি আলোচনায় আসলেও গত ১৯ ডিসেম্বর নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ ভোটের দিন (৩০ ডিসেম্বর) বিকেল ৪টার পর ইন্টারনেটের গতি স্বাভাবিক রাখার ব্যাপারে পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছিলেন।