
নিজস্ব প্রতিবেদক দেশবাংলা বিডি ২৪.কম :
সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন তপন বিশ্বাস (দৈনিক জনকণ্ঠ) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শামীম আহমেদ (বিডি নিউজ২৪.কম)।
রোববার (১৬ জুন) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংগঠনটির ২০১৯-২০ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত ও দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন।
২০১৯-২০ মেয়াদের কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন গাজী টিভির সাজেদা পারভীন (সাজু রহমান)।
তপন বিশ্বাস ৫৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফসিহ উদ্দিন মাহতাব (সমকাল) পেয়েছেন ৫০ ভোট। অন্য প্রতিদ্বন্দ্বী সিদ্দিকুর রহমান (মানবকণ্ঠ) পেয়েছেন ৪ ভোট।সহ-সভাপতি পদে সাজু রহমান (জিটিভি) ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আমানুর রহমান (নয়াদিগন্ত) পেয়েছেন ৫৪ ভোট।সাধারণ সম্পাদক পদে বিজয়ী শামীম আহমেদ পেয়েছেন ৬১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহফুজুর রহমান পেয়েছেন ৫০ ভোট।বিএসআরএফের ১১৪ জন ভোটারের মধ্যে ১১২ জন ভোট দিয়েছেন।
কার্যনির্বাহী কমিটির ১৬টি পদের মধ্যে গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক ছাড়া সবগুলো পদে ভোট অনুষ্ঠিত হয়েছে। নিয়ামুল আজিজ সাদেক (এসএ টিভি) বিনা প্রতিদ্বন্দ্বিতায় গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
