
নির্বাচনের দিন যাতে সাংবাদিকরা বিনা বাধায় চলাচল করতে পারে তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে (ইসি) অনুরোধ জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।
দলের নির্বাচন পরিচালনা কমিটির একটি প্রতিনিধি দল মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন ভবনে ইসি সচিবের সঙ্গে দেখা করে এমন অনুরোধ জানান।
পরে প্রেস ব্রিফিংয়ে প্রতিনিধি দলের নেতা মো. আখতারুজ্জামান বলেন, আমরা নির্বাচনের দিন যাতে সাংবাদিকরা বিনা বাধায় চলাচল করতে পারে তা নিশ্চিত করতে ইসিকে অনুরোধ করেছি। তারা বিষয়টি দেখা হবে বলে আমাদের আশস্ত করেছেন।
মো. আখতারুজ্জামান বলেন, কালো টাকার ব্যবহার সুষ্ঠু নির্বাচনের অন্তরায়। বিএনপি-জামায়াত জোট নির্বাচন সামনে রেখে কালো টাকা ছড়ানোর পাশাপাশি আওয়ামী লীগ ও মহাজোট নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলাও করছে।
আমাদের নির্বাচনী অফিস ভাঙচুর করছে, মিছিলে হামলা চালাচ্ছে। এ ধরণের সহিংসতা করে উল্টো ইসিতে এসে প্রতিদিন তারা অভিযোগও করছে। অথচ সত্য হচ্ছে, বিএনপি-জামায়াত জোট দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা করছে। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর ওপরও হামলা চালাচ্ছে। বিষয়গুলো আমরা কমিশনের কাছে উপস্থাপন করেছি।
কালো টাকা ছড়ানো ও আওয়ামী লীগ প্রার্থীদের উপর হামলা করার বিষয়ে আখতারুজ্জামান বলেন, ঢাকা-৮ আসনের মির্জা আব্বাসের দুই কর্মী কালো টাকা ছড়াতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে। আমরা এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।
মৌলভীবাজারে সুলতান মোহম্মদ মনসুর একজন পুলিশ সদস্যদের ওপর হামলা করেছেন।
তিনি বলেন, আজ সকালেই আওয়ামী লীগ প্রার্থী এম এ মোমেনের নির্বাচনী কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জে শামীম ওসমানের নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে সশস্ত্র ক্যাডাররা। সীতাকুন্ডে পেট্রোল বোমা হামলায় দগ্ধ হয়ে আওয়ামী লীগের চারজন কর্মী এখন হাসপাতালে।
এছাড়া, চাঁদপুরে ডা. দীপু মনির বাড়িতেও বিএনপি হামলা চালিয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জন। ইসি সচিবের সাথে দেখা করে আমরা এ সব ঘটনায় নির্বাচন কমিশনের পদক্ষেপ দাবি করেছি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের আর ৫ দিন বাকি। এখন পেট্রোল বোমা, গান পাউডার, আগুন সন্ত্রাস শুরু হওয়ায় আমাদের ২০১৪ সালের কথা মনে পড়ছে। ঐক্যফ্রন্ট ও বিএনপি জোট নেতারা একবার বলছেন, ভোট করবো, মাঠ ছেড়ে যাবো না। একবার কমিশনকে ধন্যবাদ জানাচ্ছেন, আবার অসহযোগিতার প্রশ্ন তুলছেন। তারা আসলে বিচলিত অস্থির। নির্বাচনকে বানচাল করার, ক্ষতিগ্রস্ত করতে তারা অস্থিরতায় ভুগছে বলে তাদের কর্মকাণ্ডে প্রমাণিত হচ্ছে।
