খালেদা জিয়ার নিরাপত্তার ব্যাপারে সরকার যথেষ্ট সচেতন: কাদের

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিরাপত্তা দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, খালেদা জিয়ার নিরাপত্তার ব্যাপারে সরকার যথেষ্ট সচেতন।
শনিবার (৮ জুন) দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
কোন ইস্যু না পাওয়ায় বিএনপি বিষয়টি নিয়ে বিষোদগার করে তাদের নেতাকর্মীদের সমর্থন আদায়ের চেষ্টা করছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
কারবন্দি খালেদা জিয়া বিএসএমএমইউয়ে চিকিৎসাধীন আছেন। গত বৃহস্পতিবার (৬ জুন) বিএসএমএমইউ থেকৈ ‘বোমাসদৃশ বস্তু’ পাওয়ার বিষয়টিকে বিচ্ছিন্ন ঘটনা দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘টেরোরিজম এখন গ্লোবাল সমস্যা। বাংলাদেশ কোনও বিচ্ছিন্ন দেশ নয়। কোনও বিচ্ছিন্ন দেশের বাসিন্দাও আমরা নই। এসব ঘটনা হতে পারে। তবে উদ্বিগ্ন হওয়ার মতো কোনও ঘটনা ঘটেনি। আমরা সতর্ক আছি, তবে শঙ্কিত নই।’
এর আগে সংবাদ সম্মেলনে দলের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন ওবায়দুল কাদের।