আইসিসির অনুরোধও মানে না ভারত!

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে সেনার প্রতীক আঁকা উইকেটকিপিং গ্লাভস পরে সেনাদের উৎসর্গ করেন সাবেক ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। স্বাভাবিকভাবেই ভারতের সমর্থকেরা কুর্নিশ জানিয়েছেন মাহিকে। এজন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের কাছ থেকে তুমুল প্রশংসা পাচ্ছেন এই উইকেটকিপার। কিন্তু ধোনির কিপিং গ্লাভস থেকে ভারতীয় সেনাবাহিনীর প্রতীক সরানোর জন্য এবার ভারতীয় ক্রিকেট বোর্ডকে অনুরোধ জানাল আইসিসি।
ভারতীয় সেনাবাহিনীর সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র সিং ধোনি মাঠে নামলে বরাবরই সেনাদের প্রতি একটা বাড়তি আবেগ দেখান। এমন ঘটনা আগেও ঘটেছে। সাউদাম্পটনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতীয় সেনার প্রতীক আঁকা উইকেটকিপিং গ্লাভস পরে মাঠে নামেন মাহি। ধোনির কিপিং গ্লাভসের উপরে ডানাওয়ালা ছুরি প্রতীক চিহ্ন দেখা যায়। যাকে সেনাবাহিনীর পরিভাষায় বলা হয়, ফ্লাইং ড্যাগার। ভারতীয় সেনাবাহিনীর প্যারা স্পেশ্যাল ফোর্সের প্রতীক এই ফ্লাইং ড্যাগার। ফেলুকাওয়াকে স্টাম্পিং করার সময় সেই ফ্লাইং ড্যাগার আরও স্পষ্টভাবে দেখা যায়।
আইসিসির জেনারেল ম্যানেজার ও স্ট্র্যাটেজিক কমিউনিকেশ ক্লেয়ার ফার্লং জানান, ‘আমরা বিসিসিআইকে অনুরোধ করেছি ধোনির গ্লাভস থেকে যেন ওই প্রতীকচিহ্ন সরিয়ে দেওয়া হয়।’
আইসিসির নিয়ম বলছে, আইসিসির আন্তর্জাতিক টুর্নামেন্টে পরিধানের আইন অনুযায়ী সেখানে এমন কোনও বার্তা থাকবে না যা রাজনীতি, ধর্ম কিংবা জাতিগত বার্তা বহন করে।
তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, ধোনির গ্লাভস থেকে সেই লোগো সরানো হবে না। আগামী ম্যাচগুলোতেও সে এই লোগোসহ গ্লাভস পড়েই খেলবেন। তাদের দাবি, লোগোটা সেনাবাহিনীর কোন প্রতীক চিহ্নকে নির্দেশ করে না। এই বিষয়ে ক্লিয়ারেন্স পেতে আইসিসিকে অনুরোধ করা হয়েছে বলে জানান বিসিসিআইয়ের চীফ এডমিনিস্ট্রেটর ভিনোদ রায়।
সংবাদমাধ্যমকে ভিনোদ বলেন,ইতিমধ্যেই আমরা এই বিষয়ে ক্লিয়ারেন্স পেতে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে অনুরোধপত্র পাঠিয়েছি। আইসিসির নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড়ই ধর্ম, সেনাবাহিনী এবং বাণিজ্য সংক্রান্ত কোনো লোগো নিয়ে মাঠে নামতে পারবে না। ধোনির গ্লাভসে এমন কিছুই নেই বলে আমরা জানি। তাই সে আইসিসির কোনো নিয়মকানুন ভঙ্গ করেনি। গ্লাভস থেকে সেই লোগো সরানো হবে না।