
আমদানি সংক্রান্ত তথ্য ছাড়াই নামীদামী ব্র্যান্ডের বিদেশি কসমেটিকস ব্যবহার করায় পারসোনা বিউটি পার্লার ও আলভিরাকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে। এসময় পারসোনা বিউটি পার্লারকে ৬ লাখ এবং আলভিরা বিউটি পার্লারকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, পারসোনার মতো একটি প্রতিষ্ঠানে মানুষ বিশ্বাস করে যায়, তাদেরকে সেই বিশ্বাসের প্রতি সম্মান দেখাতে হবে।
তিনি জানান, তারা পারসোনায় বিপুল পরিমাণ প্রসাধনী পণ্য পান, যেগুলোতে আমদানিকারকের সিল কিংবা অন্য কোনো তথ্য ছিল না। কোন দেশের তৈরি, তাও নেই।
মনজুর মোহাম্মদ শাহরিয়ার অভিযোগ করে বলেন, তাদের পণ্যগুলোর কোনো জবাবদিহিতা নেই। এটা হয় অবৈধ অথবা নকল পণ্য। সরকারের ভ্যাট-ট্যাক্স দেওয়ার কোনো তথ্য নেই। এগুলো ভেজাল নাকি নকল, তারা সেটা প্রমাণ করতে পারেনি।
ভোক্তার স্বার্থহানির জন্য পারসোনা এডামস পার্লার ও পারসোনা বিউটি পার্লারকে ছয় লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান অধিদপ্তরের উপ-পরিচালক। এবিষয়ে পারসোনা কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
তবে শাহরিয়ার বলেন, পারসোনা কর্তৃপক্ষ তাদের ভুল সংশোধনের প্রতিশ্রুতি দিয়েছে। তারা স্বীকার করেছে, তারা ৫০ শতাংশ ঠিক হয়েছে। কিন্তু আরও ৫০ শতাংশ সংশোধনের বাকি।ওই এলাকায় আলভিরাস বিউটি পার্লারকেও তিন লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন,আলভিরাস বিউটি পারলারের সমস্যাও পারসোনার মতোই। তাদের পণ্যগুলোর একটির গায়েও কোনো আমদানি তথ্য নেই।তবে আলভিরাসের ব্যবস্থাপক দাবি করেন, তাদের অধিকাংশ পণ্যের গায়েই আমদানি তথ্য রয়েছে। কিছু কিছু পণ্যের গায়ে আমদানি তথ্য ‘যোগ করা সম্ভব হয়নি’।
মনজুর শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধায়নে এই অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল জব্বার মন্ডল ও আফরোজা রহমান অংশ নেন।
