এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থা ভালো

এটিএম শামসুজ্জামানের মেয়ে কোয়েল আহমেদের বরাত দিয়ে অলিক বলেন,এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থা আগের তুলনায় খানিকটা ভালো। শনিবার বেলা ১১টায় লাইফসাপোর্ট খুলে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
সামাজিকমাধ্যম ফেসবুকে এটিএম শামসুজ্জামানের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর তার শারীরিক অবস্থা খোঁজ নিয়ে এসব কথা বলেন এসএ হক অলিক।
এদিকে বারবার মৃত্যু গুজব ছড়ানোতে বিরক্ত এটিএম শামসুজ্জামানের পরিবার। এ অভিনেতার ছোট ভাই সালেহ জামান সেলিম বলেন, ভাইয়ের মৃত্যুর গুজবে আমরা খুবই বিরক্ত। একটা মানুষকে কেন মরার আগেই বারবার মেরে ফেলা হচ্ছে!
তিনি বলেন, মানুষের মৃত্যুর নিউজ ছড়িয়ে কী আনন্দ পায় তারা? আর এসব খবর পায়ই বা কোথায়! আপনারা সবাইকে জানিয়ে দিন, তিনি ভালো আছেন। আল্লাহর দোহাই লাগে পরিবারের কারও সঙ্গে কথা বলে নিশ্চিত না হয়ে যেন নিউজ না হয় বা মৃত্যুর গুজব ছড়ানো না হয়।