ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদী শাসনামলে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে শিক্ষাব্যবস্থাকে নতুন করে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টায় রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, ফ্যাসিবাদী আমলে দেশের শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন দেশের শিক্ষাব্যবস্থাকে সুন্দর ও কার্যকরভাবে গড়ে তোলার দায়িত্ব সবার। এ জন্য সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

দেশে কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার গুণগত মান কতটা উন্নত করা সম্ভব হয়েছে, সে প্রশ্নও তোলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। তারা যদি প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে না পারে, তাহলে বেকারত্ব কমানো কঠিন হবে।

চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রচলিত শিক্ষাপদ্ধতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। তাঁর মতে, উদ্ভাবন, দক্ষতা অর্জন এবং কর্মসংস্থানের উপযোগী শিক্ষা নিশ্চিত করার বিকল্প নেই।

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের সব কলেজের ভবনের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের সম্ভাবনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছাদ ব্যবহার করে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি।