
আগামী শিক্ষাবর্ষের নতুন পাঠ্যবই বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যে ২৪ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বই বিতরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে
২০২৭ শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে মানসম্মত পাঠ্যবই পৌঁছে দিতে এবার আগেভাগেই মুদ্রণ, বাঁধাই ও মাঠপর্যায়ে সরবরাহের কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব তথ্য জানান। সাক্ষাৎকারে তিনি নতুন বই ছাপানো ও সরবরাহের অগ্রগতি, বইয়ের মান এবং বিতরণের সম্ভাব্য সময়সূচি তুলে ধরেন।
এনসিটিবি চেয়ারম্যান জানান, ২০২৭ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য মোট ৩০ কোটি ৯৬ লাখ ৩৬ হাজার পাঠ্যবই ছাপানো হচ্ছে। এর মধ্যে প্রাক-প্রাথমিকের বই মুদ্রণ ও সরবরাহের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। প্রাথমিক স্তরের ৯৭ শতাংশের বেশি এবং মাধ্যমিক স্তরের প্রায় ৯২ শতাংশ বই ইতোমধ্যে উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে।
তিনি বলেন, প্রাক-প্রাথমিক স্তরের ৫৭ লাখ ৩০ হাজার ৬৪০ কপি বই ছাপার কাজ শতভাগ শেষ হয়েছে। প্রথম থেকে পঞ্চম শ্রেণির জন্য নির্ধারিত ৭ কোটি ৬০ লাখ ৯৭ হাজার ৯৬ কপি বইয়ের মধ্যে ৯৭ দশমিক ২৮ শতাংশ এবং ইবতেদায়ি স্তরের ৪ কোটি ১৬ লাখ ৩৯ হাজার ৫৭৪ কপি বইয়ের ৯৪ দশমিক ১২ শতাংশের প্রাক-সরবরাহ পরিদর্শন (পিডিআই) সম্পন্ন হয়েছে।
ফখরুল মাওলা আরও জানান, ২৫ নভেম্বর পর্যন্ত ষষ্ঠ থেকে দশম শ্রেণির জন্য নির্ধারিত ১৭ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ১৮ কপি বইয়ের ৯২ দশমিক ৯৭ শতাংশের পিডিআই শেষ হয়েছে। এর মধ্যে ৯২ শতাংশ বই উপজেলা পর্যায়ে সরবরাহ করা হয়েছে। এ ছাড়া দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ৯ হাজার ৪ কপি ব্রেইল বই ছাপানো হচ্ছে।
বই বিতরণের সম্ভাব্য সময়সূচি সম্পর্কে এনসিটিবি চেয়ারম্যান বলেন, আগে ১ জানুয়ারি বই উৎসব আয়োজনকে কেন্দ্র করে বিপুল অর্থ ব্যয় করা হতো। প্রধানমন্ত্রী তারেক রহমান অপ্রয়োজনীয় ব্যয় কমানোর নীতি গ্রহণ করেছেন। এ কারণে এবার বড় পরিসরে উৎসব না করে শুধু বইয়ের মোড়ক উন্মোচনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে সব বই তুলে দেওয়ার নির্দেশনা দেওয়ার প্রস্তুতি চলছে।
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগামী ২৪ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের কথা রয়েছে। সে অনুযায়ী ২৪ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে যেকোনো একদিন বই বিতরণের পরিকল্পনা করা হচ্ছে। তবে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়ার পর নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে। সরকার যেদিন বই বিতরণের সিদ্ধান্ত নেবে, সেদিনই সরবরাহ কার্যক্রম শুরু করতে এনসিটিবি প্রস্তুত রয়েছে।
চেয়ারম্যানের ভাষ্য অনুযায়ী, আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব বই উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে। পাশাপাশি নতুন চারটি বইয়ের মুদ্রণ ও বাঁধাইয়ের কাজ ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা নিয়ে কাজ চলছে।
আগের বছরগুলোতে অল্প কিছু বই কিংবা নমুনা কপি দেখিয়ে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করার প্রচলন ছিল উল্লেখ করে ফখরুল মাওলা বলেন, অনেক সময় সব বই ছাপা ও বাঁধাই শেষ হওয়ার আগেই উদ্বোধনী অনুষ্ঠান করা হতো। পরে বাকি বই মার্চ বা এপ্রিল মাসে শিক্ষার্থীদের কাছে পৌঁছাত। এবার সেই পরিস্থিতির পুনরাবৃত্তি হবে না। শতভাগ বই প্রস্তুত ও সরবরাহ নিশ্চিত হওয়ার পরই বিতরণ কার্যক্রম শুরু করা হবে।
নতুন বইয়ের মান নিয়ে তিনি বলেন, কাগজের গুণগত মান, ছাপার মান, বাঁধাই, চোখের ওপর আলোর প্রতিফলন এবং সহজে ছিঁড়ে যাওয়ার ঝুঁকিসহ বিভিন্ন বিষয় পরীক্ষা করে বইয়ের মান নিশ্চিত করা হয়েছে। তাঁর আশা, গত কয়েক বছরের তুলনায় এবার শিক্ষার্থীরা আরও উন্নত মানের বই পাবে। নির্ধারিত সময়ের মধ্যে শতভাগ বই সরবরাহ করা গেলে তা এনসিটিবির ইতিহাসে একটি উল্লেখযোগ্য অর্জন হবে।
দ্রুত সময়ে পাঠ্যবই পরিমার্জন, মুদ্রণ ও সরবরাহের অগ্রগতির জন্য প্রধানমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানের পাশাপাশি শিক্ষামন্ত্রী, শিক্ষা উপদেষ্টা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নজরদারির প্রশংসা করেন এনসিটিবি চেয়ারম্যান।
নতুন বই ও শিক্ষাক্রম সম্পর্কে তিনি জানান, প্রাথমিক স্তরে খেলাধুলা এবং বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক নতুন বই যুক্ত করা হয়েছে। শিশুদের মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতি অতিরিক্ত আসক্তি কমিয়ে খেলাধুলায় আগ্রহী করা এবং বিদ্যালয়ে আনন্দময় পরিবেশ তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কারিগরি শিক্ষার বই পর্যায়ক্রমে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া ২০২৮ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত শিক্ষাক্রমের রূপরেখা তৈরিতে ১২ থেকে ১৪টি দেশের শিক্ষাক্রম বিশ্লেষণ করা হচ্ছে। এ বিষয়ে শিগগিরই নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা শুরু হবে বলেও জানান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা।
